চট্টগ্রাম, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- র্যাব পরিচয় দিয়ে চাঁদা দাবির সময় শনিবার রাতে মোহাম্মদ আজাদ আলী (২৭) নামে এক সেনাসদস্যকে পুলিশ নগরীর রেয়াজুদ্দিন বাজারের একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হানিফুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের হাতে আটক আজাদ আলী চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত এবং তার কাছ থেকে ৩১ এআইএপি নম্বরের চট্টগ্রাম সেনানিবাসের পরিচয়পত্র পাওয়া গেছে।
তিনি জানান, গ্রেপ্তারকৃত আজাদ আলীকে রোববার দুপুরে সেনাবাহিনীর কর্মকর্তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কোতোয়ালি থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. বশির জানান, শনিবার রাত দেড়টার দিকে রেয়াজুদ্দিন বাজারের আল আমীন হোটেলে র্যাব পরিচয় দিয়ে চাঁদা দাবির সময় তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার গায়ে কালো জ্যাকেট ছিল।
আজাদ আলী ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার মোহাম্মদ সিদ্দিক আলীর ছেলে।
রেয়াজুদ্দিন বাজার এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে আজাদ আলী র্যাব পরিচয়ে নানা ভয়ভীতি দেখিয়ে বেশ কিছুদিন থেকে চাঁদা দাবি করছিল বলে ব্যবসায়ীরা পুলিশের কাছে অভিযোগ করেছেন বলে পুলিশ কর্মকর্তা মো. বশির জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/আরএ/এমআই/১৬২২ ঘ.
bdnews24