ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রংপুর, কুমিল্লা ও ময়মনসিংহে রোববার থেকে ছবি যুক্ত ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। সকালে ময়মনসিংহে এ কার্যক্রম উদ্বোধন করেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। অপরদিকে কুমিল্লা ও রংপুরে কাজ উদ্বোধন করেন যথাক্রমে সামরিক বাহিনীর কুমিল্লা অঞ্চলের জিওসি মেজর জেনারেল আব্দুল হাফিজ ও রংপুর অঞ্চলের জিওসি মেজর জেনারেল সৈয়দ ফাতেমি আহম্মেদ রুমী।
আমাদের ময়মনসিংহ প্রতিনিধি জানান, সকালে শহরের মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোটার নিবন্ধন, ছবিসহ ভোটার পরিচয় পত্র তৈরির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
পরে তিনি পৌরসভার এক নম্বর ওয়ার্ড থেকে পাঁচ নম্বর ওয়ার্ড পর্যন্ত পাঁচটি কেন্দ্র পরিদর্শন করেন। মোট ২৬টি কেন্দ্রের মাধ্যমে পৌরসভায় ভোটার তালিকা তৈরির কাজ চলবে।
সেনাবাহিনীর সহযোগিতায় পরিচালিত এ কর্মসূচিকে 'অপারেশন নবযাত্রা' নামে অভিহিত করা হচ্ছে।
ভোটার তালিকা তৈরির কার্যক্রম শুরুর আগে সাখাওয়াত হোসেন উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে 'অপারেশন নবযাত্রা'র প্রধান তথ্য কেন্দ্র পরিদর্শন করেন।
এরপর নির্বাচন কমিশনার জেলা পরিষদ মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ছয়টি জেলার নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন বলেন, "ভোটার তালিকা তৈরি করা নির্বাচন কমিশনের কাজ। সেনাবাহিনী এ কাজে সহযোগিতা করছে। ভোটার তালিকা নির্বাচন কমিশনের সম্পদ। এটা নির্ভুল ও সঠিক করে তৈরি করা নির্বাচন কর্মকর্তাদের কর্তব্য। এতে কেউ খামখেয়ালি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামসুল আলম, ৭৭ পদাতিক ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল আজিম পিএসসি বীরপ্রতীক, ময়মনসিংহ পৌরসভার চেয়ারম্যান মাহমুদ আল নুর তারেক প্রমুখ।
রংপুর প্রতিনিধি জানান, পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ১৫টি স্থানে ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি প্রকল্পের কাজ সকালে শুরু হয়। রংপুর শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে সকাল ৯টায় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেজর জেনারেল সৈয়দ ফাতেমী আহাম্মেদ রুমি।
আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জেলা নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি আরও জানান, ভোটার নিবন্ধন ও ছবি তোলার জন্য পৌরসভা এলাকায় ৮৬টি নিবন্ধন কেন্দ্র খোলা হয়েছে। ইতিমধ্যে ৫৬৬ জন তথ্য সংগ্রহকারী ও ১২৩ জন সুপারভাইজার ও ১৫ জন সহকারী নিবন্ধন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
কুমিল্লা প্রতিনিধি জানান, সকাল ৯টায় কুমিল্লা পৌরসভার মডার্ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছবিযুক্ত ভোটার তালিকা তৈরির কার্যক্রম উদ্বোধন করেন মেজর জেনারেল আব্দুল হাফিজ।
পৌর এলাকার ১৮টি ওয়ার্ডে মোট ২৬টি কেন্দ্রে এ নিবন্ধন কার্যক্রম আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তারা।
১৮ জন সহকারী নিবন্ধন কর্মকর্তা, ৮৯ জন সুপারভাইজার ও ৪০৪ জন তথ্য সংগ্রহকারী এ কাজে অংশ নিচ্ছেন।
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লালু খানের নাম নিবন্ধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ভোটার নিবন্ধনের কাজ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩৯ ঘ.
bdnews24