চট্টগ্রাম, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের মোহনায় ডুবে যাওয়া এবং সন্দ্বীপ উপকূলে আটকে পড়া লাইটার জাহাজ দুটি রোববার সকাল পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।
সিমেন্ট ক্লিংকারবাহী এমভি ফিরোজ ফারজানা-১ নামের লাইটার জাহাজটি বন্দর মোহনার কোথায় ডুবেছে তা এখনও চিহ্নিত করা যায়নি।
বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সাগর উত্তাল থাকায় নৌযানটি কোথায় ডুবেছে তা সঠিকভাবে জানা যায়নি। শুক্রবার বন্দরের উদ্ধারকারী দল তল্লাশি চালিয়েও এর কোন হদিস পায়নি। এটি উদ্ধারে এক সপ্তাহের মতো সময় লাগতে পারে বলে জানান তিনি।
শুক্রবার মধ্যরাতে বহির্নোঙর থেকে বন্দরে আসার পথে মোহনার কাছে সিমেন্ট ক্লিংকারবাহী লাইটারেজ জাহাজটি ডুবে যায়।
জাহাজডুবির ঘটনায় নৌ বাণিজ্য অধিদপ্তর মেরিন মার্কেন্টাইল ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার ও শিপ সার্ভেয়ার মো. সিরাজুল ইসলামকে প্রধান করে দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটির অপর সদস্য হলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ক্যাপ্টেন রহমত উল্লাহ খান। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে, প্রায় এক হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের রূপসা ঘাটে যাওয়ার পথে লাইটারেজ জাহাজ সাইমা -৩ এখনও দক্ষিণ পূর্ব সন্দ্বীপের কাছে চরে আটকা পড়ে আছে। বিরূপ আবহাওয়ায় জাহাজটির ইঞ্জিন রুমে পানি ঢুকে তা শনিবার দুপুরে বিকল হয়ে সন্দ্বীপ উপকূলের এস এস বয়া থেকে দুই কিলোমিটার দূরে একটি চরে আটকা পড়ে।
হাইস্পিড নেভিগেশনের অপারেশন নির্বাহী মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জাহাজটির ইঞ্জিন রুম এখনও পানির নিচে। তবে কাত হয়ে চরে আটকে পড়া ভেসেলটি এবং এতে রক্ষিত তেল এখনও ঠিক আছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, জাহাজটি থেকে তেল সরিয়ে নেওয়ার জন্য ঢাকা থেকে একটি খালি ট্যাংকার ইতিমধ্যে সন্দ্বীপ উপকূলের কাছে পৌঁছেছে। আবহাওয়া অনুকূল থাকলে আগামী দুই/একদিনের মধ্যে এটি উদ্ধার সম্ভব হবে বলে তিনি আশাবাদী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এমআই/১৩২৫ ঘ.
bdnews24