নোয়াখালী, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সুবর্ণচর উপজেলার চর ক্লার্ক ইউনিয়নের মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুদ্দৌলা বাহার (৪৪) শনিবার রাতে খুন হয়েছেন।
চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত আনুমানিক ২টার দিকে চর লক্ষ্মী গ্রামে সিরাজুদ্দৌলার ঘরে সিঁদ কেটে ঢুকে তাকে জবাই করে রেখে যায় দুর্বৃত্তরা। পরে পরিবার লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। লাশটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ জামাল উদ্দিন নামে স্থানীয় এক ব্যবসায়ীকে আটক করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২০০ ঘ.
bdnews24