সিলেট, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিলেট সেটেলমেন্ট আঞ্চলিক কার্যালয় থেকে আরও আট সেটেলমেন্ট কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। বৃহস্পতিবার এই আট কর্মকর্তাকে বদলির আদেশ দিয়ে রোববারের মধ্যে তাদের নতুন কর্মস্থল ঢাকায় যোগ দিতে বলা হয়।
এর আগে গত ৬ জুলাই আঞ্চলিক কার্যালয়ের ২৯ সেটেলমেন্ট কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলির পর কর্মচারী পর্যায়ে আরও অর্ধশতাধিক পদে বদলি করা হয়।
আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, দীর্ঘদিন একই কর্মস্থলে থেকে সেটেলমেন্ট কর্মকর্তারা (এসও) নানা রকম অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ায় তাদের বদলি করা হচ্ছে।
তাৎক্ষণিক বদলির আদেশ পাওয়া আট সেটেলমেন্ট কর্মকর্তা হচ্ছেন, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার মজিবুর রহমান, বিশ্বনাথের কমলেন্দু চৌধুরী, কানাইঘাটের জ্ঞানময় দেওয়ান, মৌলভীবাজারের রাজনগরের আবুল হাশেম, বড়লেখার মিজানুর রহমান, সুনামগঞ্জের তাহিরপুরের শাখাওয়াত হোসেন চৌধুরী, জামালগঞ্জের আবদুল মোতালেব ও দিরাইয়ের তৈয়ব আলী।
সিলেট সেটেলমেন্ট আঞ্চলিক কার্যালয়ের জোনাল কর্মকর্তা মো. আবদুর রউফ ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সর্বশেষ বদলির আদেশপ্রাপ্তরা ১৯৮৮ সাল থেকে একই কর্মস্থলে ছিলেন। এজন্য তাদের বদলি করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৯২৭ ঘ.
bdnews24