২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইপিজেডের শ্রম ব্যবস্থার প্রশংসা এখন আইএলও এর মুখেও: বেপজা চেয়ারম্যান

দেশের ইপিজেডগুলোয় শ্রমিকদের কল্যাণে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রমিকদের বেতনও বাড়ানো হয়েছে। ফলে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) গত জুলাই মাসে ইপিজেডগুলোর শ্রম ব্যবস্থা নিয়ে প্রশংসাসূচক মন্তব্য করেছে। এ কথা বলেছেন বেপজা চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ আবদুল্লাহ ইউসুফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2007, 08:31 AM

Updated : 26 Aug 2022, 08:28 PM

চট্টগ্রাম, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের ইপিজেডগুলোয় শ্রমিকদের কল্যাণে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রমিকদের বেতনও বাড়ানো হয়েছে। ফলে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) গত জুলাই মাসে ইপিজেডগুলোর শ্রম ব্যবস্থা নিয়ে প্রশংসাসূচক মন্তব্য করেছে। এ কথা বলেছেন বেপজা চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ আবদুল্লাহ ইউসুফ। শনিবার চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। শ্রমিক অসন্তোষের কারণে শুক্রবার বন্ধ হয়ে যাওয়া সিইপিজেডের ইউরোমড ফ্যাশন কারখানা রোববারের মধ্যে চালু করার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও বেপজা চেয়ারম্যান জানান। আবদুল্লাহ ইউসুফ জানান, তিনি বেপজার দায়িত্ব নেওয়ার পর গত ১৪ মাসে দেশের সবগুলো ইপিজেডের শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে। শ্রমিকদের কল্যাণে নতুন নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এর সুফলও পাওয়া গেছে। তিনি বলেন, "আগে আইএলও তাদের প্রতিবেদনে ইপিজেডে শ্রমিকদের অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করত। কিন্তু জুলাই মাসে আইএলও এর প্রতিবেদনে আমাদের প্রশংসা করা হয়েছে।" বেপজা চেয়ারম্যান জানান, দেশের ইপিজেডগুলোতে মোট কারখানার ২০ শতাংশ পোশাক তৈরি কারখানা। এখন অনেক বেশি বিদেশি বিনিয়োগকারী ইপিজেডের অন্যান্য শিল্পখাতে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে। বেশি বিনিয়োগের সেসব শিল্পখাতকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করছে বেপজা। ইউরোমেড কারখানা সম্পর্কে বেপজা চেয়ারম্যান বলেন, "আগামীকালের(রোববার) মধ্যে কারখানাটি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। কারখানাটি বন্ধ থাকলে এর প্রভাব অন্যান্য কারখানাতেও পড়তে পারে। তাই এটি দ্রুত চালুর ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষকে বলা হয়েছে।" তিনি বলেন, "কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে দূরত্বের কারণেই সামান্য একটি ঘটনা এত বড় আকার ধারণ করেছিল। এ ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে মালিক-শ্রমিক সম্পর্কের উন্নয়ন ঘটাতে হবে এবং উভয়পক্ষকে আরও ধৈর্যশীল হতে হবে।" তিনি জানান, নির্দোষ শ্রমিকরা যাতে হয়রানি না হন সে জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। নিরপরাধ শ্রমিকদের মামলা থেকে অব্যাহতির উদ্যোগ নেওয়া হবে। মতবিনিমিয়কালে সিইপিজেডের মহাব্যবস্থাপক আতাউল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৪৩২ ঙ.