চট্টগ্রাম, আগস্ট ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) পোশাক তৈরির কারখানা ইউরোমড শুক্রবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সিইপিজেডের পরিচালক (শিল্পায়ন) মাহমুদ হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার বেপজা কার্যালয়ে ভাংচুরের ঘটনার পর শুক্রবার শ্রমিকরা কারখানায় আসলেও কাজ করেনি। এ কারণে কর্তৃপক্ষ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাময়িকভাবে কারখানাটি বন্ধ ঘোষণা করেছে।"
কোরিয়া ও বাংলাদেশের যৌথ উদ্যোগে স্থাপিত এই কারখানায় প্রায় দুই হাজার শ্রমিক কাজ করে।
ইপিজেড কর্মকর্তারা জানান, শ্রমিকরা শুক্রবার সকালে কারখানায় এলেও কাজে যোগ দেয়নি। তারা দাবি জানান, কারখানার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আবু মাসুদকে কারখানায় এসে শ্রমিকদের কাছে ক্ষমা চাইতে হবে।
এদিকে বৃহস্পতিবারের ভাংচুরের ঘটনায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) চট্টগ্রাম কার্যালয়ের সহকারী নিরাপত্তা কর্মকর্তা ফজলুল হক ওই রাতেই বন্দর থানায় একটি মামলা করেছেন। এতে বেপজা কার্যালয় ভাংচুর ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৫০ শ্রমিককে আসামি করা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিকদের বিরুদ্ধে মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
শ্রমিক ছাঁটাই ও অনিয়মের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে ইউরোমড কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে এবং বেপজা কার্যালয়ে ভাংচুর চালায়। শ্রমিকদের সঙ্গে আলোচনা শেষে তাদের দাবি অনুযায়ী কারখানা কর্র্তৃপক্ষ ডিজিএম আবু মাসুদকে প্রত্যাহারের ঘোষণা দিলে ওইদিন দুপুর আড়াইটার দিকে কারখানাটিতে আবার কাজ শুরু হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএআর/এফএইচবি/জেকে/২২৪৬ ঘ.
bdnews24