২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাটা পাহাড়ের পাদদেশে ফের ঘর তোলার আয়োজন

চট্টগ্রাম নগরীর ঢেবার পাড়ের দক্ষিণ প্রান্তে পুলিশ লাইনের সীমানা সংলগ্ন পাহাড় ধসে তিন পরিবারের আটজনের মৃত্যু হয়েছিল গত ১১ জুন সকালে। স্থানীয় বাসিন্দা কাছেদ মিয়া সেদিন হারিয়েছেন তার স্ত্রী আর দুই ছেলে-মেয়েকে। আর মাহবুব হারিয়েছেন এক ছেলে ও মেয়েকে। প্রিয়জন হারানোর ক্ষত না শুকালেও কাটা পাহাড়ের সেই মরণফাঁদে নতুন করে ঘর তোলার আয়োজন শুরু হয়েছে। সরেজমিনে ঘুরে এসে জানাচ্ছেন রুহুল আমিন রানা। পাহাড় থেকে মাত্র কয়েক ফুট দূরে যে জায়গাটিতে সেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, শুক্রবার সেই জায়গাতেই এক শ্রমিককে মাটি কাটতে দেখা গেল। নিজের নাম জানাতে অনিচ্ছুক ওই শ্রমিক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বললেন, "জায়গার মালিক এখানে ঘর ওঠানোর জন্য মাটি ভরাটের কাজ করাচ্ছেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2007, 02:07 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

রুহুল আমিন রানা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, আগস্ট ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর ঢেবার পাড়ের দক্ষিণ প্রান্তে পুলিশ লাইনের সীমানা সংলগ্ন পাহাড় ধসে তিন পরিবারের আটজনের মৃত্যু হয়েছিল গত ১১ জুন সকালে। ন্যাড়া পাহাড় ধসে মিনিটের ব্যবধানে ১৫ থেকে ২০ ফুট মাটির নিচে চাপা পড়েছিল তিনটি আধা-পাকা ঘর। কাদামাটির স্রোতে তলিয়ে গিয়েছিল পাশের আরো ১৮টি ঘর। পাহাড় থেকে মাত্র কয়েক ফুট দূরে যে জায়গাটিতে সেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, শুক্রবার সেই জায়গাতেই এক শ্রমিককে মাটি কাটতে দেখা গেল। নিজের নাম জানাতে অনিচ্ছুক ওই শ্রমিক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বললেন, "জায়গার মালিক এখানে ঘর ওঠানোর জন্য মাটি ভরাটের কাজ করাচ্ছেন।" ১১ জুনের সেই ঘটনার সাক্ষী ছিদ্দিক সওদাগর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এখনও তারা প্রয়োজনীয় সব জিনিসপত্র মাটির নিচ থেকে বের করতে পারেননি। এখানে একসময় যে ২২টি পরিবার বসবাস করতো, তাদের অনেকেই অন্য জায়গায় সরে গেছে। পাশের একটি বিধ্বস্ত ঘর দেখিয়ে তিনি বললেন, "তবে এই জমির মালিক মো. মোশাররফ নতুন করে ঘর তোলার প্রস্তুতি নিচ্ছেন।" সেদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে ছিদ্দিক বলেন, "বিকট শব্দ শুনে সকাল নয়টার দিকে ঘর থেকে বের হই। প্রতিবেশীদের চিৎকার শোনা যাচ্ছিল। কিন্তু ঠিক ঠাহর করতে পারছিলাম না শব্দ আসছে কোনদিক থেকে। পরে দেখি, ঘরগুলো যেখানে ছিল সেখানে বিরাট কাদা-মাটির স্তুপ। চাপা পড়া ঘরগুলোর নিচ থেকে চিৎকার আসছে। অনেক চেষ্টা করে কয়েকজনকে জীবিত বের করা গেলেও বাকিদের পারা যায়নি।" এলাকার বাসিন্দারা জানালেন, এ জায়গার দোকান ও ঘরগুলো এখনও ঝুঁকির মধ্যে রয়েছে। দোকানগুলো থেকে পাহাড়ের দূরত্ব কোথাও ১৫ ফুট, কোথাও ২৫ ফুট। পাশের ৭০ থেকে ৮০ ফুট উঁচু পাহাড়ের ন্যাড়া অংশ ধসে বিপর্যয় ঘটতে পারে যে কোনো সময়। এ জায়গায় আবার নতুন করে ঘর তোলা কতোটুকু নিরাপদ হচ্ছে তা নিয়ে প্রশ্ন রয়েছে এলাকাবাসীর মধ্যেও। হোসেন মোহাম্মদ দীর্ঘ ১০ বছর ধরে ঢেবার পর এলাকায় বসবাস করছেন। তিনি বলেন, "এখানে যে কোনো ধরনের স্থাপনাই ঝুঁকিপূর্ণ হবে। কিন্তু এতো দামি জায়গা, মালিক আর কতদিন ফেলে রাখবেন? তাই ঘর ওঠাচ্ছেন।" যে জমিতে নতুন করে ঘর তোলা হচ্ছে তার মালিক মো. মোশাররফ একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি জানালেন, পারিবারিক সূত্রে পাওয়া এই জমিতে তার ১০টি পুরনো দোকান ঘর রয়েছে। আরও চারটি ঘর নতুন করে তোলা হচ্ছে। দোকানগুলোর পেছনে রয়েছে ৭/৮টি আধাপাকা বাড়ি। নতুন করে ঘর নির্মাণের বিষয়ে মোশাররফ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওয়ারিশ সূত্রে পাওয়া হলেও জায়গাটা তো দখলে রাখতে হবে। তাই বাধ্য হয়েই ঘর ওঠাচ্ছি।" তিনি দাবি করেন, দোকানগুলো নিরাপদ দূরত্বেই তৈরি করা হয়েছে। আপাতত অস্থায়ী ভিত্তিতে এসব দোকান নির্মাণ করা হচ্ছে। তবে ঝুঁকির বিষয়টি স্বীকার করে মোশাররফ বলেন, "পরে সীমানা ঘেঁষে মজবুত দেয়াল তুলে দেব। তাহলে বিপদ অনেক কমে যাবে।" আগে দেয়াল নির্মাণ না করে কেন ঘর ওঠাচ্ছেন জানতে চাইলে কোনো জবাব দেননি তিনি। গত ১১ জুনের ঘটনাটিকে একটি 'দুর্ঘটনা' উল্লেখ করে তিনি বলেন, "ঝুঁকিপূর্ণ হওয়ায় দোকানের পেছনের ঘরগুলো এখন আর ভাড়া দিচ্ছি না।" মো. মোশাররফের মালিকানাধীন একটি দোকান ১০ বছর আগে ভাড়া নিয়েছিলেন রমিজ মিয়া। তিনি বললেন, "পেছনে মজবুত কোনো দেয়াল না থাকায় ঝুঁকির মধ্যেই দোকান করছি। সারাক্ষণ ভয়ের মধ্যেই আছি। কিন্তু খেয়ে পড়ে বাঁচতে হলে দোকানতো খুলতেই হবে।" পাহাড় ধসের পর গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার এমএএন ছিদ্দিক নতুন করে ঘর নির্মাণ প্রসঙ্গে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এভাবে ঝুঁকির মধ্যে ঘর তোলা ঠিক হচ্ছে না। জীবনের ঝুঁকি থাকলে এ ধরনের উদ্যোগ নেওয়া উচিৎ হচ্ছে না।" তিনি আরো বলেন, "তদন্ত কমিটির পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে ওই এলাকায় পাহাড়ের পাদদেশে একটি দেয়াল করে দেওয়ার সুপারিশ করা হয়েছিল। দেয়াল তোলা হলে তারপরই ঘর তোলা যেতে পারে, তার আগে নয়। জায়গাটি ব্যক্তি মালিকানাধীন বলে তিনি ঘর ওঠাতে পারেন। তবে প্রশাসনের পক্ষ থেকে মালিককে এখনই ঘর না তোলার জন্য অনুরোধ করা হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএআর/জেকে/১৯৫৭ ঘ.