২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রজনীগন্ধা সেলে ৫ খুনি

বঙ্গবন্ধু হত্যাকান্ডের প্রায় ৩২ বছর পর সর্বশেষ গ্রেপ্তার হন মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মেজর(অব:)একেএম মহিউদ্দিন আহমেদ। এর আগে ৪ জনের মধ্যে তিনজন প্রায় একই সময় গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তারকৃত ৫ জনই আছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। পৃথক পৃথক কক্ষে কাটে তাদের নি:সঙ্গ সময়। একেএম মহিউদ্দিন ছাড়া বাকি চার জন হলেন লে. কর্নেল (অব.) সৈয়দ ফারুক রহমান, লে. কর্নেল (অব.) শাহরিয়ার রশিদ খান, লে. কর্নেল (অব.) মুহিউদ্দিন আহমেদ ও মেজর (অব.) বজলুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2007, 11:55 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

ঢাকা,আগষ্ট ১৪(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যাকান্ডের প্রায় ৩২ বছর পর সর্বশেষ গ্রেপ্তার হন মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মেজর(অব:)একেএম মহিউদ্দিন আহমেদ। এর আগে ৪ জনের মধ্যে তিনজন প্রায় একই সময় গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তারকৃত ৫ জনই আছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। পৃথক পৃথক কক্ষে কাটে তাদের নি:সঙ্গ সময়। একেএম মহিউদ্দিন ছাড়া বাকি চার জন হলেন লে. কর্নেল (অব.) সৈয়দ ফারুক রহমান, লে. কর্নেল (অব.) শাহরিয়ার রশিদ খান, লে. কর্নেল (অব.) মুহিউদ্দিন আহমেদ ও মেজর (অব.) বজলুল হুদা। গ্রেপ্তারকৃত এই পাঁচ জনের মধ্যে সুলতান শাহরিয়ার রশিদ খান, মহিউদ্দিন আহমেদ এবং ফারুখ রহমানকে ঢাকায় গ্রেপ্তার করা হয়। বজলুল হুদাকে থাইল্যান্ড এবং একেএম মহিউদ্দিনকে যুক্তরাষ্ট্র থেকে আনা হয়। কারা উপ-মহাপরিদর্শক সামসুল হায়দার ছিদ্দিকী মঙ্গলবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত অন্য সব কয়েদীদের মতোই রাখা হয়েছে তাদের। জেলকোড অনুয়ায়ী মাসে একবার তাদের আত্মীয়স্বজন দেখা করতে আসেন। এই পাঁচজনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের 'রজনীগন্ধা' নামের সেলে রাখা হয়েছে। এই সেলে রয়েছে আটটি কক্ষ। এর মধ্যে পাঁচজনকে পাশাপাশি পাঁচটি কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি তিনটি কক্ষে অন্য হত্যা মামলার মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত আসামীরা থাকেন। এই সেলটি ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রায় মাঝখানে অবস্থিত। প্রতিটি কক্ষের সামনে রয়েছে ছোট বারান্দা। এই বারান্দায় তারা মাঝে মধ্যে হাঁটাহাঁটি করে থাকেন। কারা কর্তৃপক্ষ তাদের পড়াশোনার জন্য বই দিয়েছে। মাঝে মধ্যে তারা পত্রিকাও পান। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী হলেও তাদের হাতে পায়ে কোন ডান্ডাবেড়ি নেই। এ প্রসঙ্গে সামসুল হায়দার ছিদ্দিকী বলেন, যারা দুর্ধর্ষ তাদের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়। আর কাউকে এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তর করা হলে প্রয়োজন মনে করলে কারা কর্তৃপক্ষ ডান্ডাবেড়ি পরাতে পারে। এ পাঁচজনের মধ্যে কথাবার্তা হয় কিনা এ প্রশ্নের জবাবে সামসুল হায়দার ছিদ্দিকী বলেন, "এ সুযোগ নেই।" আত্মীয়-স্বজন দেখা করতে আসার সময় রান্না করা ও শুকনো খাবার, বই-পত্রিকা ইত্যাদি নিয়ে এলে জেল কর্তৃপক্ষ তা গ্রহণ করে পরীক্ষার পর তাদের দেন। পাঁচজনের মধ্যে বজলুল হুদা এবং ফারুখ রহমানের দাঁতের অসুখ রয়েছে। আর এজন্য তাদেরকে প্রায়ই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসার জন্য আনা হয়। অন্যদেরও মাঝে মধ্যে এই হাসপাতালে নেওয়া হয়। তবে বয়স অনুযায়ী তুলনামূলকভাবে তাদের স্বাস্থ্য অনেক ভাল বলে কারাগার সূত্র জানায়। এরা পাঁচজনই কারাগারে যথারীতি কয়েদীদের পোষাক পরে থাকেন। তবে চিকিৎসার জন্য কাউকে বাইরে আনা হলে সাধারণ পোষাক পরানো হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/১৭৪৯ ঘ.