ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সম্পত্তির হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশ স্থগিত ও নুর আলীর চাঁদাবাজির মামলায় দেওয়া হাইকোর্টের জামিনের বিরুদ্ধে সরকার সুপ্রিমকোর্টে নিয়মিত আপিল দায়ের করেছে। বৃহস্পতিবার সকালে আপিল বিভাগের পূর্ণঙ্গ বেঞ্চে এ আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
বুধবার সরকারপক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড এএস এম খালেকুজ্জামান এ আপিল দ'ুটি দায়ের করেন। এছাড়া এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আওয়াল মিন্টুর জামিনের হাইকোর্টের আদেশের বিরুদ্ধেও নিয়মিত আপিল দায়ের করেছেন বলে তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
এ আপিলটির ওপর প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত ৬ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে বৃহস্পতিবার শুনানি অনুষ্ঠিত হবে।
গত ৭ আগস্ট শেখ হাসিনার দু'টি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নূর আলীর মামলায় তাকে জামিন ও তার বিরুদ্ধে দেওয়া দুদকের নোটিশের কার্যক্রম স্থগিত করে দেয়। একইদিন হাইকোর্ট আবদুল আওয়াল মিন্টুকেও জামিন মঞ্জুর করে।
এদিকে ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলায় হাইকোর্ট গত ৩০ জুলাই শেখ হাসিনার জামিন মঞ্জুর করেছিল। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে সরকার গত ১৩ আগস্ট নিয়মিত আপিল করেছিল। এ আপিলের ওপরও বৃহস্পতিবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসকে/১৭৩১ ঘ.
bdnews24