গোপালগঞ্জ, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২ তম শাহাদাত বার্ষিকীতে বুধবার রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও তিন বাহিনী প্রধান টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন।
সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়া আসেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। তাকে হেলিপ্যাডে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান।
সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমদ, নৌ বাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল সরোয়ার জাহান নিজাম ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শাহ মোহাম্মদ জিয়াউর রহমান হেলিকপ্টারে টুঙ্গিপাড়া এসে পৌঁছান সকাল ১০টার দিকে ।
রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন। এরপর মন্তব্য বইতে স্বাক্ষর করে সকাল দশটা ৪০ মিনিটে রাজধানীর উদ্দেশে রওনা দেন তিনি।
বঙ্গবন্ধু মাজার কমপ্লেক্সে রাখা শোক বইয়ে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ লিখেন, "বাংলাদেশের জাতীয় জীবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক উজ্জ্বল নক্ষত্র। স্বাধীন সার্বভৌম বাংরাদেশকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তার অপরিসীম অবদান জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এ মহান নেতার ৩২ তম শাহাদাৎ বার্ষিকীতে জাতির পক্ষ থেকে আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং মহান আল্লাহর দরবারে তার রুহের মাগফিরাত কামনা করি।"
এরপর তিন বাহিনীর প্রধান বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন।
সকাল সাড়ে ১১টায় টুঙ্গিপাড়া এসে পৌঁছান প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। তিন বাহিনীর প্রধান তাকেও স্বাগত জানান।
বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সকাল ১১ টা ৪০ মিনিটে হেলিকপ্টারে করে ঢাকা ফেরেন।
প্রধান উপদেষ্টা শোক বইয়ে লিখেন, "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২ তম শাহাদত বার্ষিকীতে সরকার ও আমার পক্ষ থেকে আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং রুহের মাগফিরাত কামনা করি। আমার দৃঢ় বিশ্বাস, সুখী, সমৃদ্ধ, অগ্রসরমান সোনার বাংলা গড়ার বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসবেন।"
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে পুরো টুঙ্গিপাড়া নিরাপত্তায় চাদরে মুড়ে ফেলা হয়। স্পর্শকাতর স্থানগুলোতে মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা কর্মী। মাজার কমপ্লেক্সে ঢুকতে সবার দেহ তল্লাশি করা হয়।
দুপুর ১টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা মাজারে পুস্পস্তবক অর্পণ করেন। নেতাদের মধ্যে ছিলেন মো. ফারুক খান আব্দুল মতিন খসরু, আব্দুল লতিফ সিদ্দিকী, হাবিবুর রহমান সিরাজ প্রমুখ।
এর পর কেন্দ্রীয় যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যুব মহিলা লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
দুপুরের পর থেকে বঙ্গবন্ধুর মাজারে সাধারণ মানুষের ঢল নামে। ওই সময় সবার বুকে ছিল কালোব্যাজ।
শোকদিবস উপলক্ষে জেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক, শ্রমজীবী ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে কালোব্যাজ ধারণ করা হয়। টুঙ্গিপাড়ার পথে পথে টানানো হয় কালো পতাকা।
দুপুরের পর মাজার কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল। মিলাদ শেষে বিশেষ মোনাজাতে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহত সবার রুহের মাগফিরাত কামনা করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/এসকে/এমআই/২০০১ ঘ.
bdnews24