নারায়ণগঞ্জ, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি নয়, দলীয় কর্মীদের দেওয়া অর্থেই আওয়ামী লীগ সারাদেশে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।
মঙ্গলবার মানিকগঞ্জে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
বিলম্বে ত্রাণ বিতরণে নামার কারণ জানতে চাইলে মতিয়া চৌধুরী বলেন, "আমাদেরকে মাঠেই নামতে দেওয়া হয়নি। অথচ ১২ দিনের পার্টি মানিকগঞ্জে এসে প্রশাসনের নাকের ডগায় ত্রাণ বিতরণের নামে মটর সাইকেল মহড়া এবং স্লোগান দিয়ে গেল। তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হল না। কারা এদের লালন-পালন ও পরিচর্যা করছে দেশবাসী এটা এখন জানতে চায়।"
১৯৯৮ সালের বন্যা এবারের চেয়ে ভয়াবহ ছিল উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা দাবি করেন, তখন বানভাসি মানুষ যেমন রক্ষা পেয়েছিলো, তেমনি কৃষকদের পুনর্বাসনও করা হয়েছিল। ফলে কৃষিতে ঘাটতি হয়নি, বরং উদ্বৃত্ত হয়েছে।
সদর উপজেলার জাগীর ও শিবালয় উপজেলার আমডালায় ছয় শতাধিক বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগ নেতারা। এ সময় মতিয়া চৌধুরীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না, আবদুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোস্তফা জালাল মহিউদ্দিন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, প্রচার সম্পাদক আসাদুজ্জামান নূর, মেহের আফরোজ চুমকি, নাজমা রহমান প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০১৬ ঘ.
bdnews24