চাঁপাইনবাবগঞ্জ, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির মামলায় চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ হারুনুর রশীদের স্ত্রী ও বিএনপির সদর উপজেলা কমিটির সভানেত্রী অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হৃষিকেশ সাহা মামলার রায় দেন। রায়ে একইসঙ্গে পাপিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
মামলার অপর আসামি বারঘরিয়া ইউপি সদস্য আল-আমিনকেও একই সাজা দেয় আদালত। দুপুর সাড়ে ১২টার দিকে বিচারক হৃষিকেশ সাহা মামলার রায় পড়ে শোনান।
দণ্ডপ্রাপ্ত পাপিয়া পলাতক রয়েছেন। তবে আল আমিনকে রায়ের সময় কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সদর উপজেলার বারঘরিয়ায় নির্মিত মডার্ন মার্কেটের কাজ নিম্নমানের হয়েছে দাবি করে মামলার বাদি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদের কাছে আশরাফী পাপিয়া ও তার সহযোগী আল-আমিন পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। ২০০৪ সালের ৮ ডিসেম্বর বাদি পাপিয়াকে তিন লাখ ৮০ হাজার টাকা দেন।
পরে এ বছরের ২২ এপ্রিল পাপিয়া ও আল আমিনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন ইউপি চেয়ারম্যান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪৬ ঘ.
bdnews24