রাজশাহী, ১২ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মহানগরীতে ভোটার তালিকা তৈরির দ্বিতীয় দিনে রোববার ৯ হাজার ২৪২ জনের ছবি তোলা হয়েছে।
রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মুসা জানান, পর্যায়ক্রমে তথ্যফরম পূরণকারী ভোটারদের মধ্য থেকে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক মানুষকে ছবি তোলার জন্য এলাকাভিত্তিক কেন্দ্রগুলোতে আসার অনুরোধ করছেন তারা।
তিনি জানান, নগরীর ৩০টি ওয়ার্ডে ছবি তোলার জন্য স্থাপিত ১০১টি কেন্দ্রের মধ্যে ৩৭টিতে ছবি তোলার কাজ শনিবার থেকে শুরু হয়েছে। প্রথম দিন ছবি তোলা হয় ৬ হাজার ৪৪৩ জনের। রোববার আরো ৯ হাজার ২৪২ জনের ছবি তোলা হয়েছে।
প্রথম পর্যায়ে ৩৭টি কেন্দ্রের কাজ শেষ হওয়ার পর ১৭ আগস্ট থেকে অন্য কেন্দ্রগুলো কাজ শুরু করবে। ছবি তোলার কাজ চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত।
রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শনিবার থেকে শুরু হয়ে গেলেও এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী মঙ্গলবার। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের এই কাজ উদ্বোধন করার কথা। অনুষ্ঠানে যোগ দিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা সোমবার রাজশাহী যাচ্ছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/বিআর/জেকে/২৩৪৫ ঘ.
bdnews24