ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জরুরি ক্ষমতা বিধিমালার অন্তর্ভুক্ত না হওয়া সত্ত্বেও মজিবর রহমান সারোয়ারের বিরুদ্ধে অস্ত্র মামলাটি ওই আইনে পরিচালিত হচ্ছে বলে আসামির আইনজীবী আদালতে অভিযোগ করেছেন।
আর মামলাটিতে অভিযুক্তের বিরুদ্ধে অবৈধভাবে অভিযোগ গঠন করা হয়েছে বলে আইনজীবী এ অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে যাবেন বলে সময় চেয়েছেন।
রোববার ঢাকার মহানগর ৭ নম্বর ট্রাইবুনালে বিচারাধীন এ মামলায় আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার এ অভিযোগ এনে আদালতে একটি দরখাস্ত দাখিল করেন। তিনি এতে বলেন মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় আনা সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো অনুমোদন বা প্রস্তাব কিছুই নেই।
অথচ মামলাটির বিচার কাজ ৪৫ দিনের মধ্যে করতে হবে মনে করে দুই দিন পর পর সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হচ্ছে। মাসুদ আহমেদ তালুকদার একে 'অযৌক্তিক' আখ্যায়িত করেন।
এ সময় মামলাটিতে নিয়োজিত রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাগফুর রহমান শেখও বিচারক নূরুজ্জামানের কাছে দরখাস্ত দাখিল করে বলেন তদন্ত কর্মকর্তার পাঠানো প্রতিবেদন ও অন্যান্য কাগজপত্র যাচাই বাছাই করে মামলাটি জরুরি ক্ষমতার বিধির আওতায় নিয়ে আসার কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।
যৌথবাহিনী গত ২৮ মে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সারোয়ারের গুলশানের বাসা থেকে কাগজবিহীন ৪ রাউন্ড বৈধ গুলি উদ্ধার করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২২৩২ ঘ.
bdnews24