২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র আইনে ঝালকাঠির পৌর চেয়ারম্যানের ১০ বছর কারাদণ্ড

অবৈধ অস্ত্র রাখার দায়ে ঝালকাঠি পৌরসভার চেয়ারম্যান আবদুল হালিম গাজীকে ১০ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2007, 08:09 AM

Updated : 26 Aug 2022, 08:26 PM

বরিশাল, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- অবৈধ অস্ত্র রাখার দায়ে ঝালকাঠি পৌরসভার চেয়ারম্যান আবদুল হালিম গাজীকে ১০ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বরিশাল বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক রবিউল হাসান রোববার দুপুরে এ রায় দেন। রায় ঘোষণার পর আদালত থেকে নিয়ে যাওয়ার সময় হালিম গাজী জানান, রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করবেন। চলতি বছরের ১০ মার্চ যৌথবাহিনী আবদুল হালিম গাজীকে পৌর এলাকার আড়তদার পট্টি রোডে তার বাসা থেকে আটক করে। পরদিন সকালে তার বাসায় অভিযান চালিয়ে একটি ৩২ বোরের অবৈধ রিভলবার উদ্ধার করা হয়। ওই ঘটনায় ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) গৌতম চন্দ্র ঘোষ বাদি হয়ে ওই দিন অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহিম মৃধা গত ২৮ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর গত ৫ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মামলাটি বরিশাল বিভাগীয় দ্রুত বিচার আদালতে পাঠানো হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪০৮ ঘ.