কুমিল্লা, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মেয়াদোত্তীর্ণ সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোর নির্বাচন ২০০৮ সালের জানুয়ারি মাসে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং এম সাখাওয়াত হোসেন।
কুমিল্লা পৌর এলাকায় রোববার থেকে ছবিসহ ভোটার তালিকা তৈরি উপলক্ষে শনিবার বিকেলে এক মতবিনিময় সভায় দুই নির্বাচন কমিশনার এ তথ্য জানান।
কুমিল্লার জেলা প্রশাসক মো. মনজুরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় মুহাম্মদ ছহুল হোসাইন বলেন, "আমরা একটি গণতান্ত্রিক সরকার চাই। এ গণতান্ত্রিক সরকার নির্বাচিত করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। কোনও জাল জালিয়াতির মাধ্যমে নয়।"
ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি করলে জাল জালিয়াতি বন্ধ হবে বলে মনে করেন তিনি। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সাখাওয়াত হোসেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি আহবান জানিয়ে বলেন, "প্রার্থী নির্বাচনে মনোনয়ন বাণিজ্যে না গিয়ে তৃণমূল পর্যায়ের লোকদের মতামতের ভিত্তিতে ত্যাগী ও যোগ্য লোককে প্রার্থী করুন।"
তিনি আরও বলেন, "একটি বিদেশি সংস্থার জরিপে গত বছর ১ কোটি ২২ লাখ জাল ভোটার তালিকাভুক্ত হয়েছিল। ছবিযুক্ত ভোটার তালিকা হলে তা আর হবে না।"
সভায় বক্তব্য রাখেন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. আনোয়ার হোসাইন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহেদুন্নবী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩২৩ ঘ.
bdnews24