চট্টগ্রাম, ১২ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীতে রোববার সকালে মাইক্রোবাস ও সিটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই নারী ও দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন। কাস্টমস ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই মাইক্রোবাসের আরোহী। এদের মধ্যে চালক মো. তৈয়ব, দুই যাত্রী লুৎফর আক্তার (৭) ও কামরুন নাহারের (১৭) পরিচয় জানা গেছে। কামরুন নাহারের গ্রামের বাড়ি জেলার রাঙ্গুনিয়া উপজেলার সফরভাটায়। চালক ছাড়া বাকি চারজনই একই পরিবারের সদস্য।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরীর কয়েকটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বন্দর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক প্রণব কুমার দাস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে সাতটার দিকে কাস্টমস ভবনের সামনে গোল চক্করের কাছে বিপরীতমুখী দ্রুতগামী মাইক্রোবাস ও সিটিবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাসের (চট্ট-মেট্রো-ছ-০৯৭৮) যাত্রী এক মহিলা ও শিশু এবং চালক মারা যান। ১৫ জন আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পর সকালে মারা যান আরও একজন। দুপুর ১২টার দিকে মারা যায় লুৎফর আক্তার নামের অপর এক শিশু।
তিনি আরও জানান, মাইক্রোবাসটি পতেঙ্গা বিমান বন্দরের দিকে যাচ্ছিল।
পুলিশ সিটি বাসটি আটক করেছে তবে চালক পালিয়ে গেছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা জহির আহমদ জানান, কাস্টমসের কাছে সড়ক দুর্ঘটনায় আহত কামরুন নাহার (১৭) নামে একজনকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় নয়জনকে হাসপাতালে ভর্তি করার পর দুপুরে লুৎফর আক্তার মারা যায়।
আহতদের মধ্যে জেসমিন (৫০), রানু বেগম (১৫), জোবাইদা আক্তার (১০), আলী মিয়া (৬০), জরিপ আলী (৫৫), জয়নব বেগম (৩৫), জোনাইদা মোর্শেদ (১৪) ও ইদ্রিস (২০) হাসপাতালে ভর্তি রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এএল/এমআই/১৫৩৩ ঘ.
bdnews24