ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হলে এক ছাত্রকে ক্যান্টিন বয় শারীরিকভাবে লাঞ্ছিত করলে ক্ষুদ্ধ ছাত্ররা শনিবার রাতে ক্যান্টিনে ব্যাপক ভাঙচুর চালায়। এ ঘটনায় হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হলের ছাত্র ও ঘটনার প্রত্যক্ষদর্শী মামুনুর রশিদ সুমন বলেন, শনিবার রাত ১০ টার দিকে আইন বিভাগের মাস্টার্সের ছাত্র মিলন ক্যান্টিনে খেতে যায়। ঠিকমতো খাবার পরিবেশন না করায় ক্যান্টিন বয় জাকির হোসেনকে ধমক দেয় মিলন। এরপর ক্যান্টিন বয়ও তার দিকে তেড়ে আসে এবং উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিলনকে মারার জন্য হাত তোলে জাকির । এ সময় ক্যান্টিনে থাকা অন্য ছাত্ররা জাকিরকে ধরে ফেলে। এসময় অন্য ক্যান্টিন বয়রা তেড়ে এলে ছাত্ররা তাদেরও মারধর করে। মারমুখী ছাত্রদের ধাওয়া খেয়ে ক্যান্টিন ম্যানেজারসহ কর্মচারীরা পালিয়ে যায়। এসময় ছাত্ররা ক্যান্টিনে ব্যাপক ভাঙচুর চালায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/জিএমএ/এসকে/২৩৩৫ ঘ.
bdnews24