চট্টগ্রাম, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ৪৩ বছর আগে চট্টগ্রামে এসেছিলেন হারুনুর রশীদ। ভাগ্য ফেরাতে তরুণ বয়সেই ব্রাহ্মণবাড়িয়ার এক অজপাড়াগাঁ থেকে পাড়ি জমিয়েছিলেন আমিন জুট মিলস এলাকায়। অনেক ধরাধরির পর বদলি শ্রমিক হিসাবে কাজ জোটে ১৯৬৪ সালে। হাতে চাঁদ পাওয়ার মতোই আনন্দ হয়েছিল তখন। কালের পরিক্রমায় সেই সোনার হরিণ চাকরিটিই যে গলার ফাঁস হয়ে যাবে তা ভাবেননি কখনও।
২০০৭ সালে এসে সেদিনের টগবগে তরুণ হারুন এখন কঙ্কালসার বৃদ্ধ । বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক রুহুল আমিন রানার কাছে শুক্রবার দুপুরে তুলে ধরেন তার জীবনের, সেই সঙ্গে কারখানাটিরও উত্থান-পতনের চিত্র।
ধরা গলায় হারুন বলেন, "প্রথম দিকে ভালোই ছিলাম। কিন্তু ১৯৮০ সালের পর থেকেই শুরু হয় সমস্যা। প্রায় সপ্তাহেই বেতন বাকি পড়তে শুরু করে। ১৯৯০ সালের পর থেকে অবস্থা চূড়ান্ত খারাপ। প্রায়ই কারখানার চাকা বন্ধ হয়ে যেতে থাকে।"
এক সময় হারুনের মতো ১৫ হাজার শ্রমিকের পদচারণায় মুখর ছিল আমিন জুট মিলস। এখন মিলে স্থায়ী শ্রমিক মাত্র ১৮৫০ জন। মিল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় এদের ৫৮০ জন গত সপ্তাহে বিজেএমসির এক প্রজ্ঞাপনের সুযোগ নিয়ে স্বেচ্ছা অবসরের জন্য আবেদন করেছেন বলে জানান সিবিএ -র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক।
শ্রমিক নেতা খালেক বলেন, "এত কষ্ট আর সহ্য হয় না। সরকার চালাতে না চায় বন্ধ করে দিক। কিন্তু আমাদের এত কষ্ট দেওয়া কেন।"
তার মতে, শ্রমিক নয়; কর্মকর্তাদের দুর্নীতির কারণেই আজ পাটকলটির এ হাল। আর তার মূল্য দিতে হচ্ছে শ্রমিকদের।
তবে কর্মকর্তারা বলছেন, নগদ অর্থের অভাবেই পাটকলটি আগের মতো সচল করা যাচ্ছিল না। বর্তমানে সরকার যে উদ্যোগ নিয়েছে, তাতে কারখানার হাল আবার ফিরবে বলে আশাবাদী তারা।
কারখানা সূত্র জানায়, সরকারের অর্থায়নের অভাবে কারখানার পাঁচটি ইউনিটের তিনটি বন্ধ হয়ে গেছে অনেক আগে। গত তিন বছর সরকার কোনও টাকা না দেওয়ায় নিজেদের আয় থেকে কোনোভাবে দুটি ইউনিট চালু রাখা হয়েছে। এ বছর টাকা দেয়ার কথা থাকলেও সরকার এখন পর্যন্ত কোনও টাকা ছাড় করেনি।
সূত্র আরও জানায়, বর্তমানে কারখানার দেনার পরিমাণ ১০৬ কোটি টাকা। প্রধান অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান জনতা ব্যাংকও নতুন করে অর্থায়নে রাজি হচ্ছে না। মিলে উৎপাদন ক্ষমতা ৪৩ ভাগ কমে গেছে, কাঁচামালের অভাবে বন্ধ হয়ে গেছে ২৩৭ টি তাঁত । এ অবস্থায় যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইরানে পাটজাত দ্রব্য রফতানির চাহিদাপত্র হাতছাড়া হয়ে যেতে পারে।
শুক্রবার শ্রমিকদের কলোনিতে গেলে কথা হয় হারুনুর রশীদের মতো অনেক শ্রমিকের সঙ্গে। জানা হয় তাদের দুঃখগাথা।
কারখানার অবস্থা খারাপ হওয়ার পর থেকেই ভাঙা মন নিয়ে একে একে শ্রমিকদের চলে যেতে দেখেন হারুনুর রশীদ। নিজে অন্য কোনও কাজ শেখেননি বলে শেষ বয়সে চাকরিটি ছাড়তেও পারছিলেন না। দারিদ্র্য ও অর্থকষ্টের মধ্যে এ বছরের জানুয়ারিতে চাকরি থেকে অবসর নেন তিনি।
হতাশ কন্ঠে হারুনুর রশীদ বলেন, "ভেবেছিলাম অবসর নেওয়ার পর পাওনা টাকাগুলো পেলে সমস্যা কিছুটা কাটবে। কিন্তু এখন পর্যন্ত পাওনা পরিশোধের কোনও উদ্যোগই নেয়নি কারখানা কর্তৃপক্ষ। কর্মকর্তা কিংবা সিবিএ নেতাসহ সবার কাছে বারবার ধর্না দিয়েও কাজ হয়নি। টাকার অভাবে মেয়ের চিকিৎসা করাতে পারছি না।"
স্বামী সিরাজুল ইসলামের হাত ধরে সাদিয়া খাতুন এ কলোনিতে এসেছিলেন ৩৫ বছর আগে । সিরাজুল চাকরি থেকে অবসর নিয়েছিলেন ছয় বছর আগে। এর একবছর পর তার মৃত্যু হয়। কিন্তু এখনও বকেয়া টাকা না পাওয়ায় সন্তানদের নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে সাদিয়া খাতুনকে।
সাদিয়া খাতুন বলেন, "স্বামী যখন চাকরি করতেন, তখন ডাল-ভাত খাইতে পারছি। কিন্তু ছোটো তিনটি ছেলে ও দুই মেয়ে নিয়ে এখন ভাত যোগাড় করাই কষ্ট।"
বর্তমানে যারা কাজ করছেন তারাও চলে যাওয়া শ্রমিকদের মতোই অর্থ কষ্টে দিন কাটাচ্ছেন।
১৯৭০ সাল থেকে আমিন জুট মিলসে কর্মরত আব্দুস সোবহান অভিযোগ করেন, 'ওপর মহলের নির্বিচার লুটপাটের' কারণেই একসময়ের চালু কারখানাটি আজ এ অবস্থায় এসেছে।
তিনি বলেন, "কারখানার সাবেক জিএমদের (মহাব্যবস্থাপক) সম্পত্তির খতিয়ানের সঙ্গে কারখানার লোকসান মিলিয়ে দেখলেই আসল রহস্য বের হয়ে আসবে।"
নিজেকে হতভাগ্য দাবি করে কারখানার ৪০ বছর বয়সী শ্রমিক মনিরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভাগ্যের চাকা ঘুরাতে কারখানায় যোগ দিয়ে এখন জীবনের চাকাই বন্ধ হওয়ার উপক্রম।"
তিনি বলেন, "রাজপথে নামার কোনও ইচ্ছা আমাদের নেই। দেয়ালে পিঠ ঠেকলেই কেবল সবাই নিজেদের পাওনা আদায়ে রাস্তায় নামে। এছাড়া আর আমাদের উপায় কী?"
নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক ব্যবস্থাপক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকার একটু উদ্যোগী হলেই কারখানাটি বাঁচানো যায়। প্রতিবছর সময়মতো পাট কিনলে লাভ না হলেও দুটি ইউনিট চালু রেখে তা 'ব্রেক ইভেন'(না লাভ না ক্ষতি) এ আনা সম্ভব।
শ্রমিকদের পাশপাশি কর্মকর্তা ও কর্মচারীদের বেতনও চার মাস ধরে বকেয়া রয়েছে বলে ওই কর্মকর্তা জানান।
কারখানার মহাব্যবস্থাপক আমিনুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, নগদ অর্থায়নের অভাবের কারণে পাটকলটি চালাতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে । কারখানার আয় থেকে কোনরকমে প্রতি সপ্তাহে শ্রমিকদের মজুরি ৩০ লাখ টাকা পরিশোধ করা হচ্ছে।
তিনি জানান, সরকার ও বিজেএমসি সরকারি পাটকলগুলোকে আবার চাঙা করার উদ্যোগ নিয়েছে। এজন্য ২২টি মিলের জন্য অর্থ ছাড় দিয়েছে অর্থ মন্ত্রণালয়। দুই-একদিনের মধ্যে ওই টাকা পাওয়া গেলে ভবিষ্যতে আমিন জুট মিলসসহ অন্য কারখানাগুলোর অবস্থা আগের চেয়ে ভালো হবে।
উর্ধ্বতন কর্মকর্তাদের কথিত দুর্নীতি ও লুটপাটের বিষয়ে শ্রমিকদের অভিযোগের বিষয়ে কোনও মন্তব্য না করে তিনি বলেন, "কর্মকর্তারা সব সময়ই কারখানাকে ভালোভাবে চালানোর জন্য কাজ করছেন। সবাই চায় কারখানাটি যেন লাভজনক হয় এবং শ্রমিক-কর্মচারীদের দীর্ঘদিনের দুরবস্থার অবসান হয়।"
চট্টগ্রামের বৃহত্তম রাষ্ট্রীয় পাটকল আমিন জুট মিলসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে গত বৃহস্পতিবার আন্দোলন শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। দিনভর চলা ওই সংঘর্ষে এক জন নিহত এবং কমপক্ষে ৫০ জন আহত হন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/এসকে/১৬৩৯ ঘ.
bdnews24