মৌলভীবাজার, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে বিশ্ব দাশ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম আহমদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুরে রেলওয়ে পুলিশ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের আউট সিগনাল এলাকায় রেল লাইনের পাশ থেকে বিশ্ব দাশের দ্বি-খণ্ডিত লাশ উদ্ধার করে। ভোররাতে এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি ধারণা করছেন।
লাশটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের ছোট ভাই বিধান দাশ জানান, শুক্রবার রাতে খাবার সেরে ১১টার দিকে বিশ্ব বাসা থেকে বেরিয়ে যান।
তিনি জানান, বিশ্ব দাশ একটি লেবু বাগানে চাকরি করতেন। তবে কিছু দিন থেকে তিনি বেকার।
বিশ্ব দাশ শ্রীমঙ্গল পৌরসভার পূর্বাশা আবাসিক এলাকার বিজয় দাশের ছেলে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫৪৮ ঘ.
bdnews24