ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বন্যাকবলিত এলাকার ডায়রিয়া পরিস্থিতির গুরুতর অবস্থা অব্যাহত রয়েছে। একের পর এক রোগী আসছে ঢাকার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআর,বি)। শনিবার রাত ১২টা থেকে রোববার দুপুর দেড়টা পর্যন্ত চিকিৎসা নিতে এসেছেন প্রায় ৫শ রোগি। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত গড়ে প্রতি পৌঁনে দুই মিনিটে একজন ডায়রিয়া আক্রান্ত রোগি চিকিৎসা নিয়েছে।
শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় হাসপাতালটিতে রোগি এসেছিল ৯শ জন।
আইসিডিডিআর,বি-র কর্মকর্তা আজহারুল ইসলাম খান শনিবার রাত ১২টা থেকে ৫শ রোগীর চিকিৎসা নিতে আসার খবর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়ে বলেন, " রোগি আসার ধরন দেখে মনে হচ্ছে কালকের মতো (শনিবার) রোগির ভিড় হবে। তবে বিকেল নাগাদ পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।"
বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে সারাদেশের বন্যা- উপদ্রুত এলাকায় পানিবাহিত রোগ ডায়রিয়ার মারাত্মক বিস্তার ঘটছে। সরকারি হিসেবে আক্রান্তের যে সংখ্যা বলা হয়েছে প্রকৃত হিসাব তার চেয়ে অনেক বেশি বলে চিকিৎসকরা ধারণা করছেন।
বৃহস্পতিবার থেকে শুক্রবার রাত পর্যন্ত ২৪ ঘন্টায় আইসিডিডিআর,বিতে ১ হাজার ডায়রিয়া আক্রান্ত রোগি চিকিৎসা নিতে আসে। হাসপাতালটির ইতিহাসে এটি ছিল রোগি আসার সর্বোচ্চ রেকর্ড। শনিবারও সেই ধারা অব্যাহত থাকে। দুপুর ২টা পর্যন্ত প্রতি ঘন্টায় গড়ে ৪০ জন চিকিৎসা নেয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ছয়শ রোগী ভর্তি হয় বলে হাসপাতালের ভারপ্রাপ্ত প্রধান প্রদীপ কুমার বর্ধন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, "এর আগে ১৯৯৮ সালে একদিনে সর্বোচ্চ ৯২৭ জন রোগি ভর্তি হয়েছিল। ২০০৪ সালের বন্যার পর পরিস্থিতি এত ভয়াবহ হয়নি। পরিস্থিতি ভয়াবহ হওয়ায় বৃহস্পতিবার থেকে এখানে পুরোপুরি বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগে ৩০ টাকা নিবন্ধন ফি নেওয়া হলেও দুদিন ধরে তা নেওয়া হচ্ছে না। ''
শুক্রবার থেকে পরবর্তী ২৪ ঘন্টায় দেশের অন্য হাসপাতালগুলোতে মোট চার হাজার ১১০ জন ডায়রিয়া রোগি ভর্তি হয়েছে। চারজনের মৃত্যু হয়েছে বলে সরকারি হিসেবে জানানো হয়।
হাসপাতালের স্বল্পকালীন চিকিৎসা বিভাগের প্রধান ডা. আজহারুল ইসলাম খান এ পরিস্থিতিকে নাটকীয় বলে মন্তব্য করেন। তিনি বিডিনিউজকে বলেন, " রোগির সংখ্যা নাটকীয়ভাবে বেড়েছে। সেটা এখনো অব্যাহত আছে। আজকে (শনিবার) দুপুর ২টা পর্যন্ত প্রতি দেড় মিনিটে একজন করে রোগি ভর্তি হয়েছে।"
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা ডা. আয়েশা আকতার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আইসিডিডিআরবি ছাড়া দেশের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত ১৮ দিনে মোট ৩১ হাজার ৯৭২ জন ডায়রিয়া রোগি ভর্তি ও চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আইসিডিডিআরবি'তে পাঁচ হাজার ৫৭৫ জন রোগি ভর্তি ও চিকিৎসা নেয়। এদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। দুটি হিসেবে হাসপাতালে আসা ডায়রিয়া আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ৫৪৭ জন।
তবে প্রকৃত আক্রান্তের সংখ্যা আরো বেশি হবে বলে চিকিৎসক ও সংশ্লিষ্টরা ধারণা করছেন। আইসিডিডিআরবির একজন চিকিৎসক বলেন, সবচেয়ে বেশি ডায়রিয়া আক্রান্ত রোগি ভর্তি হয় এ হাসপাতালে। অথচ সরকারি হিসেবে সেটাই ধরা হয়নি। অতএব প্রকৃত সংখ্যা যে আরো অনেক বেশি হবে এ নিয়ে সন্দেহ নেই। কেবল সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের হিসাবে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা চল্লিশ হাজারের কাছাকাছি। অন্যান্য বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রোগীদের হিসাবে আনা হয়নি।
স্বাভাবিকের চেয়ে আক্রান্তের সংখ্যা তিনগুণের বেশি হওয়ায় চিকিৎসকরা পরিস্থিতিকে মহামারী হিসেবে উল্লেখ করলেও স্বাস্থ্য উপদেষ্টা ডা. মতিউর রহমান বলেছেন, পরিস্থিতি এখনো সে পর্যায়ে যায়নি। পরিস্থিতি মোকাবেলায় সরকারের প্রস্তুতি যথেষ্ঠ দাবি করে তিনি বলেন, ডায়রিয়া আক্রান্তের সংখ্যা আরো বাড়লেও মোকাবেলা করা সম্ভব হবে। এজন্য সব জেলা, উপজেলা ও মেডিকেল কলেজ হাসপাতালে 'ডায়রিয়া কর্ণার' খোলা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার সন্ধ্যা পর্যন্ত তিনজন রোগী ভর্তির খবর পাওয়া গেছে। ডায়রিয়া আক্রান্তরা মূলত আইসিডিডিআররিতে আসছে জানিয়ে স্বল্পকালীন চিকিৎসা বিভাগের প্রধান ডা. আজহারুল ইসলাম খান বলেন, " স্বাভাবিক সময়ে তিন থেকে সাড়ে তিনশ রোগী ভর্তি হয়। এখন সেটা তিন গুণ বেড়ে ৯শ থেকে ১হাজারে পৌঁছেছে। সাত দিন ধরে রোগী ভর্তির সংখ্যা প্রতিদিন কম-বেশি সাতশ। এ অবস্থায় মহামারীর সংজ্ঞা অনুযায়ী পরিস্থিতিকে মহামারী বলা যায়। তবে কেবল আইসিডিডিআরবির হিসাব দিয়ে ঢাকার মতো বড় নগর এবং সারা দেশের পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব নয়। এ কারণে সরাসরি মহামারী বলা যায় না।"
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা ডা.মতিউর রহমান বলেছেন, সরকার ডায়রিয়া পরিস্থিতি মোকাবেলায় বিশেষ কৌশল অবলম্বন করছে। রোগটি মহামারী আকারে ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই বলে তিনি আশ্বাস দিয়েছেন।
এবার পরিস্থিতি মোকাবেলায় সরকার গতানুগতিক পথে হাঁটছে না জানিয়ে তিনি বলেন, ওষুধ, স্যালাইন কিংবা অন্য কোনো চিকিৎসা উপকরণের সংকট নেই। কেউ সংকট সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়ে উপদেষ্টা বলেন, " যেখানেই স্যালাইনসহ চিকিৎসা সামগ্রির দাম বাড়ার খবর পাওয়া যাবে, সেখানেই যৌথবাহিনী অভিযান পরিচালনা করবে। এ ব্যাপারে আমার সঙ্গে যৌথবাহিনীর প্রধানের কথা হয়েছে।"
শনিবার আইসিডিডিআর,বি হাসপাতালে সার্বিক ডায়রিয়া পরিস্থিতি পরিদর্শনকালে উপদেষ্টা সাংবাদিকদের একথা বলেন। তিনি পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসকদের তৎপরতার প্রশংসা করেন। ডা. মতিউর রহমান জনস্বাস্থ্য ইনস্টিটিউট এবং এসেনশিয়াল ড্রাগস পরিদর্শন করেছেন।
উপদেষ্টা জানান, ওষুধের বাড়তি চাহিদা মেটাতে সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান 'এশেনসিয়াল ড্রাগস কোম্পানি'তে তৃতীয় শিফট চালু করা হয়েছে। দেশের ৩৯টি বন্যা -কবলিত জেলা সদর, উপজেলা ও মেডিক্যাল কলেজগুলোতে বিশেষ 'ডায়রিয়া কর্ণার' স্থাপন করা হয়েছে।
আইসিডিডিআরবি'র ক্লিনিক্যাল সায়েন্স বিভাগের সিনিয়র বিজ্ঞানী ডা. শাহাদাত হোসেন শনিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,'' মূলত ঢাকার আশেপাশে থেকে রোগি আসছে। পূর্বাঞ্চল থেকেই বেশি রোগি এসেছে। আক্রান্তদের মধ্যে নিম্নবিত্ত লোকই বেশি। "
হাসপাতাল ঘুরে এবং রোগীদের সঙ্গে আলাপ করে একই চিত্র মিলেছে। রিক্সা চালক শহীদুল ইসলাম ও তার স্ত্রী নার্গিস বেগম তাদের ছেলে আরিফ হোসেনকে শুক্রবার রাতে হাসপাতালে নিয়ে আসেন। সকালে ছাড়পত্র দেওয়া হলেও ছেলেটি আবার অসুস্থ হয়ে পড়ে। তখন আবার স্যালাইন দেওয়া হয়।
লালবাগের একটি বেকারীর কর্মচারী আব্দুল্লাহ একবার চিকিৎসা নিয়ে ফিরে গিয়েছিলেন। দ্বিতীয় বার এসে ভর্তি হয়েছেন শুক্রবার রাতে। এমন স্বল্প আয়ের শ্রমজীবী মানুষের সংখ্যাই বেশি। তবে মধ্যবিত্ত পরিবারের রোগিরাও এসেছেন। পানি ওঠেনি এমন এলাকার রোগিও আছে। মুগদা পাড়ার স্কুল ছাত্রী সাদিয়ার বাসায় পানি ওঠেনি। তবুও হঠাৎ করেই তার মারাত্মক ডায়রিয়া শুরু হয় বলে রোগীর মা মনোয়ারা জানালেন।
এতো রোগি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। হাসপাতালের বাইরে বেশ কয়েকদিন আগে থেকেই ত্রিপলের ছাউনি দিয়ে রোগিদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এরপরও রোগি বাড়তে থাকায় হাসপাতাল আঙ্গিনায় আরেকটি খোলা জায়গায় ত্রিপল টানিয়ে অতিরিক্ত রোগির চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। রোগি বেড়ে যাওয়ায় পরিবেশ পরিচ্ছন্ন রাখা কঠিন হয়ে পড়েছে বলে মাইকে পরিস্কার -পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য রোগিদের আত্মীয় স্বজনকে অনুরোধ জানানো হচ্ছে।
ডায়রিয়ার পাশাপাশি আরো বেশ কিছু রোগের প্রকোপ দেখা দিচ্ছে বলে চিকিৎসকরা জানান। স্বাস্থ্য উপদেষ্টা মতিউর রহমানও একই কথা জানিয়ে বলেছেন, এজন্য পর্যাপ্ত ওষুধও রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, এবারের বন্যার পর ডায়রিয়াসহ বিভিন্ন রোগ ও দুর্ঘটনায় মোট আক্রান্তের সংখ্যা ৭২ হাজার ৯১৪ জন। এদের মধ্যে ৩২৯ জনের মৃত্যু হয়েছে। শুধু পানিতে ডুবে মৃত্যু হয়েছে ২৯২ জনের।
বন্যার কারণে প্রজনন প্রত্যঙ্গের সংক্রমণে আক্রান্ত মোট ছয় হাজার ৩২ জনের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। এ সময় পাঁচ হাজার ৬৭৯ জন চর্মরোগে এবং এক হাজার ২৮৫ জন চোখের প্রদাহে আক্রান্ত হয়েছে। বন্যা- উপদ্রুত এলাকায় মোট ১৩৫ জন্য সাপের দংশনের শিকার হয়। এদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্নভাবে এক হাজার ১৬৯ জন আহত এবং অন্যান্য রোগে ২০ হাজার ৭৭৫ জন আক্রান্ত হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এসকে/আরএ/এমএইচবি/১৪১৮ ঘ.
bdnews24