নাটোর, আগস্ট ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সম্ভব সবকিছু করা হবে।
শুক্রবার সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর হাইস্কুল মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি সাংবাদিকদেও একথা বলেন। এছাড়া জেলার সিংড়া ও গুরুদাসপুরেও তিনি ত্রাণ বিতরণ করেন।
গুরুদাসপুরে ডা. শামসুজ্জোহা ডিগ্রী কলেজে আশ্রয় নেয়া ১০০ পরিবারকে ও শ্রীরামপুর হাইস্কুল মাঠে ৬৪টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন অর্থ উপদেষ্টা।
শ্রীরামপুর হাইস্কুল মাঠে ত্রাণ বিতরণ শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "বন্যার্তদের সহযোগিতার জন্য এখনো বিদেশি সাহায্যের প্রয়োজন হয়নি। সরকারের কাছে পর্যাপ্ত ত্রাণ রয়েছে।"
উপদেষ্টা সমাজের বিত্তবান ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে ত্রাণ সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি সাহসের সঙ্গে দুর্যোগ মোকাবেলার জন্য বন্যার্তদের প্রতি আহবান জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচবি/এমআই/১৮০৭ ঘ.
bdnews24