রাজশাহী, আগস্ট ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজশাহী ক্যাম্পাসে বৃহস্পতিবার ব্যাপক ভাঙচুর চালিয়েছে শিক্ষার্থীরা। সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস বন্ধের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে তারা এই কাণ্ড ঘটায়।
ক্যাম্পাস কো-অর্ডিনেটর অধ্যাপক ড. আমানুল্লাহ জানান, সকালে শিক্ষার্থীরা তার সঙ্গে দেখা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায়। কিন্তু এ বিষয়ে ইতিবাচক সাড়া পেয়ে ক্যাম্পাসের বিভিন্ন ভবন ভাঙচুর করে তারা।
শিক্ষার্থীরা জানান, কমিশনের ওই সিদ্ধান্তের কারণে শিক্ষা কার্যক্রম শেষে সার্টিফিকেটের মান নিয়ে তারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। যারা রাজশাহী ক্যাম্পাসে ভর্তি হয়ে সেমিস্টারের মাঝামাঝি অবস্থানে রয়েছেন তারাও পড়েছেন বেকায়দায়। কিন্তু কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দিচ্ছে না।
এ অবস্থায় বৃহস্পতিবার শিক্ষার্থীরা ক্যাম্পাস কো-অর্ডিনেটরের সঙ্গে যোগযোগ করেন। কিন্তু তিনি ঢাকা ক্যাম্পাস থেকে কোনো কাগজ পাননি বলে জানালে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। এর পরই শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন ভবনের দরজা-জানালা ভাঙচুর করে বলে জানান তারা।
অধ্যাপক আমানুল্লাহ বলেন, "শিক্ষা মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নেবে, সেভাবেই কাজ চলবে। এতে শিক্ষার্থীর সংখ্যা কমে গেলেও লেখা-পড়ার মান কমবে না।"
শিক্ষার্থীদের ভাঙচুর প্রসঙ্গে তিনি বলেন, "শিক্ষার্থীরা মঞ্জুরী কমিশনের সিদ্ধান্ত বুঝতে না পারায় এই ঘটনা ঘটেছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচবি/জেকে/২২২৩ ঘ.
bdnews24