২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক বাশারকে ক্রোধের বশে হত্যার দাবি অভির

ক্রোধের বশে ই-হক কোচিং সেন্টারের শিক্ষক আবুল বাশার বাদশাকে খুন করার কথা জানিয়েছে র‌্যাবের হাতে ধরা পড়া ফাহাদ আল মাসুদ অভি (২২)। তবে বাশারকে নয়, সে খুন করতে গিয়েছিল কোচিং সেন্টারের মালিক ইমদাদুল হকের (ই-হক) ভাই ফারুক হককে। তাকে না পেয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সে গুলি চালায় বাদশার ওপর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 05:36 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ক্রোধের বশে ই-হক কোচিং সেন্টারের শিক্ষক আবুল বাশার বাদশাকে খুন করার কথা জানিয়েছে র‌্যাবের হাতে ধরা পড়া ফাহাদ আল মাসুদ অভি (২২)। তবে বাশারকে নয়, সে খুন করতে গিয়েছিল কোচিং সেন্টারের মালিক ইমদাদুল হকের (ই-হক) ভাই ফারুক হককে। তাকে না পেয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সে গুলি চালায় বাদশার ওপর। মঙ্গলবার রাতে অভিসহ তার তিন সহযোগী ধরা পড়ে র‌্যাবের হাতে। বুধবার বিকেলে র‌্যাব-২ এর মগবাজারের কার্যালয়ে এদের সংবাদিকদের সামনে হাজির করা হয়। সেখানে অভি খুনের বৃত্তান্ত তুলে ধরে। অভি বলে, "কোচিং সেন্টারটির মালিকের এক মেয়েকে তিন বছর আগে আমি পালিয়ে বিয়ে করি। এ বিয়ে মেনে নেয়নি ই-হক ও তার পরিবারের সদস্যরা। ই-হকের ভাই ফারুক হক আমাকে অপমান ও মারধর করছিল। আমার বাবা-মা, বোনের নামে নোংরা কথা বলেছিল। প্রতিশোধ নিতে আমি কলাবাগানের কোচিং সেন্টারে যাই। কিন্তু তাকে পাইনি। ই-হকের দূর সম্পর্কের শ্যালক আবুল বাশার তখন সেখানে ছিল। সেও প্রায়ই আমাকে অপমান করত।" অভি বলেন, "বাশারের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে আমি তাকে গুলি করি। আমি আসলে তাকে গুলি করতে চাইনি। ভয়-ভীতি দেখানোই আমার উদ্দেশ্য ছিল। কিন্তু রাগের বশে এটা হয়ে গেছে। অভি জানান, ই-হকের মেয়েকে বিয়ে করার পর দুই পরিবারের কেউ এ বিয়ে মেনে নেয়নি। পৌণে দুই বছর থেকে তারা যে যার বাবা-মার সঙ্গে রয়েছে। কিন্তু আইনত তাদের বিবাহ বিচ্ছেদ হয়নি। পৌণে দুই বছর আগে ই-হকের পরিবারের সঙ্গে কথা বলতে গেলে ফারুক, ই-হক ও বাদশা তাকে অপমান করে। ফারুক তাকে মারধরও করে। এর বদলা নিতে ১০ হাজার টাকা দিয়ে ইয়াসিন নামের এক যুবকের কাছে একটি রিভলবার ভাড়া নেয় বলে জানায় অভি। এরপর ২৬ জুলাই ফারুককে খুঁজতে যায় ই-হক কোচিংয়ের লাবাগান শাখায়। সেখানে ফারুক ছিল না, বাদশা অফিসে বসে ছিল। বাদশা তাকে দেখে খেপে যায়, গালিগালাজ করে। র‌্যাব-২ এর কমান্ডিং অফিসার মেজর এম আকবর আলী সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার রাত ২টার দিকে অভি ও তার দুই সহযোগী সুমন হোসেন (২০) ও আবু বকর আব্দুল্লাহ সিদ্দিকী রনিকে (২৩) হাজারীবাগ থানাধীন চরকঘাটা এলাকার একটি বাসার সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এদের স্বীকারোক্তি অনুযায়ী ওই এলাকারই ১১/১ নম্বর বাসা থেকে সাইফুল ইসলাম রবিন (২২) নামে আরেকজনকে গ্রেপ্তার করে র‌্যাব। রবিনের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রিভলবার ও সাত রাউন্ড গুলি পাওয়া গেছে। তিনি জানান, এদের মধ্যে অভি ও রনি দোতলায় উঠে আবুল বাশারকে গুলি করে। সুমন নিচে মোটর সাইকেল স্টার্ট দিয়ে দাঁড়িয়ে ছিল। দুই খুনি ওই মোটরসাইকেলে করে ঘটনাস্থলে এসে সেটাতেই আবার পালিয়ে যায়। র‌্যাব হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটর সাইকেলটি উদ্ধার করেছে। মোটর সাইকেলটির সামনে 'সাংবাদিক' লেখা স্টিকার রয়েছে। অভির কাছ থেকে নগদ ৯৮ হাজার টাকা উদ্ধার করেছে র‌্যাব। অভি র‌্যাবকে জানিয়েছে ব্যবসা করার জন্য তার মা তাকে এ টাকা দিয়েছেন। মেজর আকবর আলী জানান, এসএসসি পাশের পর অভি আর পড়াশুনা করেনি। সে হস্তশিল্পের ব্যবসা করে বলে র‌্যাবকে জানিয়েছে। র‌্যাব জানায়, এরা সবাই সম্ভ্রান্ত ঘরের সন্তান। অভির বাবা একজন চিকিৎসক ছিলেন। তিনি কয়েক বছর আগে মারা যান। বাকিদের মধ্যে শুধু রবিন একটি কসমেটিক্সের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করে। রনির বাসা রায়েরবাজারে ভাঙ্গা সড়কে। সে তেজগাঁ কলেজের অনার্স চুড়ান্ত বর্ষের ছাত্র। গত ২৬ জুলাই দুপুর আড়াইটার দিকে সন্ত্রাসীরা কলাবাগানের ১২৮ নম্বর ভবনের দোতলায় ই-হক কোচিং সেন্টারে এসে আবুল বাশারকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়। দোতলার প্রশাসনিক কক্ষের একটি চেয়ারে বসে থাকা বাশারের বুক ও হাতে কমপক্ষে চারটি গুলি লাগে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এমএইচবি/২৩১০ ঘ.