চট্টগ্রাম, ০৮ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ওয়াসার ১৬৪ একর জমি বুধবার উদ্ধার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর উত্তর হালিশহর উপকূল সংলগ্ন এলাকায় একটানা অভিযান চালিয়ে এ জমি উদ্ধার করেন।
আদালতের ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী সাংবাদিকদের জানান, উদ্ধারকৃত এ জমির মূল্য আনুমানিক ৪৩৫ কোটি ৬০ লাখ টাকা। চট্টগ্রাম ওয়াসার সুয়ারেজ প্রকল্প বাস্তবায়নের জন্য এ জমি ৪৩ বছর আগে অধিগ্রহণ করা হয়েছিল। এতদিন কোনো অনুমতি ছাড়াই অবৈধ দখলদাররা তা ভোগ করছিল।
তিনি জানান, ওয়াসার সুয়ারেজ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ১৯৬২ সালে উত্তর হালিশহরে বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় এসব জমি অধিগ্রহণ করা হয়। পরবর্তীতে ১৯৬৪ সালে তৎকালীন জেলা প্রশাসন তা ওয়াসার নিকট হস্তান্তর করে। ওয়াসা এ জমির রাজস্ব এতদিন থেকে পরিশোধ করে আসছে।
ম্যাজিস্ট্রেট বলেন, "প্রকল্পটি এতদিন বাস্তবায়ন না হওয়ায় অধিগ্রহণ করা এসব জমি ৪৩ বছর যাবত অবৈধ দলখদার ভোগ করছিল। অনেকেই আবার এসব জমির কিছু অংশ বিক্রিও করে দিয়েছে। বিশাল এ জমিতে ঘরবাড়ি নির্মাণ করা ছাড়াও দোকানপাট স্থাপন করা হয়েছিল। পুরো এলাকাজুড়ে ২৬টি মৎস্য প্রকল্প, অনেক গবাদি পশুর খামারও গড়ে তোলা হয়।"
চট্টগ্রাম মহানগর পুলিশের তিন প্লাটুন পুলিশ এবং ওয়াসার ৭০ জন কর্মী নিয়ে আদালতের অভিযান চলে।
অভিযানকালে বুলডোজার দিয়ে ১৭৩টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। বুধবার ১৪৪ একর জমি উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট ১৯ একর জায়গা ছেড়ে দেয়ার জন্য নোটিশ দেয়া হয়েছে।
মুনীর চৌধুরী জানান, উচ্ছেদ অভিযানের পর সেখানে একটি আনসার ক্যাম্প স্থাপন করা হয়েছে।
ওয়াসা সূত্র জানায়, ওয়াসার মাস্টার প্ল্যানের অংশ হিসাবে এ সুয়ারেজ প্ল্যান্টের মাধ্যম মহানগরীর শিল্প ও গৃহস্থালী বর্জ্য পাইপ লাইনের মাধ্যমে ট্রিটমেন্টের পর বঙ্গোপসাগরে নিক্ষেপ করার পরিকল্পনা করা হয়েছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৯৫৭ ঘ.
bdnews24