২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙনের জন্য কর্তৃপক্ষের গাফিলতিই দায়ী : তিস্তাপারের মানুষ

তিস্তার ভাঙনে শেষ সম্বল ভিটেটিও হারিয়েছেন গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মজিবর রহমান। । সব হারিয়ে পরিবারের ছয় সদস্য নিয়ে বাঁধের ওপরই কাটছে তার এক একটি দিন। সন্তান আর স্ত্রীর মুখে খাবার তুলে না দিতে পারার ব্যর্থতা থেকে তাদের দিকে তাকাতে পারেন না। মজিবর রহমানের প্রতিবেশী দুলাল মিয়ার গেছে এক একর জমি। শৈশব থেকে এ পর্যন্ত ১৩ বার ভাঙনের শিকার হয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছেন হোসাইনুর রহমান (৪০)। আলিকুর রহমানেরও সেই একই অবস্থা। ভিটেমাটি আর চাষের জমি হারিয়ে তারা সবাই দিশেহারা। এতেই শেষ নয়, উঁকি দিচ্ছে আশ্বিন-কার্তিকে মঙ্গার আশঙ্কাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 07:17 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

রংপুর, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - তিস্তার ভাঙনে শেষ সম্বল ভিটেটিও হারিয়েছেন গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মজিবর রহমান। । সব হারিয়ে পরিবারের ছয় সদস্য নিয়ে বাঁধের ওপরই কাটছে তার এক একটি দিন। সন্তান আর স্ত্রীর মুখে খাবার তুলে না দিতে পারার ব্যর্থতা থেকে তাদের দিকে তাকাতে পারেন না। মজিবর রহমানের প্রতিবেশী দুলাল মিয়ার গেছে এক একর জমি। শৈশব থেকে এ পর্যন্ত ১৩ বার ভাঙনের শিকার হয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছেন হোসাইনুর রহমান (৪০)। আলিকুর রহমানেরও সেই একই অবস্থা। ভিটেমাটি আর চাষের জমি হারিয়ে তারা সবাই দিশেহারা। এতেই শেষ নয়, উঁকি দিচ্ছে আশ্বিন-কার্তিকে মঙ্গার আশঙ্কাও। আশেপাশের এলাকার কয়েকশ পরিবারের এখন একটাই আশ্রয় --'বাঁধ'। সে বাঁধের অবস্থাও বিশেষ সুবিধার নয়। ভুক্তভোগী বানভাসিদের অভিযোগ, শুকনো মৌসুমে সঠিকভাবে বাঁধ সংস্কার না করায় আজকের এই অবস্থা। অভিযোগের তীরটা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দিকেই। সাবেক ইউপি সদস্য কামরুজ্জামান নওশার অভিযোগ, ভাঙন দেখা দিলেও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অবহেলার কারণে তা ঠেকানো যায়নি। মোকসেদুর রহমান, হারুন অর রশীদসহ আরও অনেকেই তোলেন একই অভিযোগ। সবার মুখেই শোনা গেল পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের গাফিলতির কথা। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকমল হোসেন গাফিলতির কথা অস্বীকার করে বলেন, "আসলে অর্থের অভাবে কাজ করা যায়নি। আমরা দেহ দিতে পারি। আর তো কিছু দিতে পারি না। সেটা দিয়ে তো আর ভাঙন ঠেকানো সম্ভব না।" এবারের বন্যায় বাঁধের প্রায় ৪০০ মিটার এলাকা পানির তোড়ে ধসে পড়েছে বলে জানালেন তিনি। গঙ্গাচড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরেশ চন্দ্র বিশ্বাস বলেন, উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় ১৫ হাজার মানুষ তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদেরকে তাৎক্ষণিকভাবে কিছু ত্রাণ দেওয়ার পর এখন চলছে পুনর্বাসনের প্রক্রিয়া। এদিকে, মৎস্য ও পশুপালন উপদেষ্টা সিএস করিম বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় স্থানীয় অধিবাসীরা তার কাছে পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির বিষয়ে অভিযোগ করেন। তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর আগে মঙ্গলবার রাত ১০টায় জেলার বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পানি উন্নয়ন বোর্ডের অবহেলা বিষয়ে জেলা প্রশাসনের কর্মকর্তারাও ক্ষোভ প্রকাশ করেন। এ অবস্থায় উপদেষ্টা সিএস করিম সেনাবাহিনী, জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তাদের ভাঙন ঠেকানোর জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। বুধবার রংপুরে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে সিএস করিম নীলফামারী যান। সেখানে তিনি জেলার বন্যা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। বৈঠকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মলয় কুমার রায় বন্যা পরিস্থিতির চিত্র তুলে ধরেন। জেলা প্রশাসক জানান, জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার চরাঞ্চলে ২১টি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে প্রায় সাড়ে তিন হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে উপদেষ্টা সিএস করিমের তিস্তা ব্যারেজ পরিদর্শনের কথা রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এএল/এসকে/১৩০৪ ঘ.