ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টুর আটকাদেশ স্থগিত করে তাকে জামিন দিয়েছে হাইকোর্ট।
এই ব্যবসায়ী নেতাকে অবৈধভাবে আটকে রাখা হয়েছে তার পক্ষে দায়ের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি শাহ আবু নাঈম মো. মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেয়।
পাশাপাশি আদালত বেআইনীভাবে তাকে যে আটক রাখা হয়নি-তা পরিষ্কার করতে সরকারকে চারসপ্তাহ সময় দিয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিবসহ সব বিবাদীদের জবাব দিতে বলা হয়েছে।
আব্দুল আউয়াল মিন্টুর আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন কোনো মামলা দেওয়া না হলে তার মুক্তিতে কোনো বাধা নেই।
গত রোববার দায়ের করা রিট আবেদনে বলা হয়, এর ৬৭ দিন আগে মিন্টুকে গ্রেপ্তার করা হলেও তার বিরুদ্ধে কোনো মামলা বা আটকাদেশও দেওয়া হয়নি। বেআইনিভাবে তাকে আটক রাখা হয়েছে।
অ্যাডভোকেট আহসানুল করিম জানান, পরদিন আবেদনটি শুনানির সময় সরকারপক্ষের আইনজীবী সময় চান। তখন মিন্টুর পক্ষে ব্যরিস্টার রফিকুল হক আদালতকে বলেন, মিন্টুর বিষয়ে যাতে কোনো আদেশ দেওয়া না হয় তা সরকারকে নিশ্চিত করতে হবে। এরপর সরকারপক্ষের আইনজীবী আদালতকে এ বিষয়ে আশ্বস্ত করেন। কিন্তু সোমবার রাতেই আটকাদেশ দেওয়া হয় মিন্টুর বিরুদ্ধে।
অ্যাডভোকেট আহসান জানান, মঙ্গলবার শুনানির সময় ব্যরিস্টার রফিক আদালতকে বলেন, সরকার আশ্বস্ত করলেও সোমবার রাতে বেআইনিভাবে মিন্টুর আটকাদেশ দেওয়া হয়। আদালত তখন এর ব্যখ্যা জানতে চাইলে সরকার পক্ষে একজন সহকারি অ্যাটর্নি জেনারেল ক্ষমা প্রার্থনা করেন। দুই পক্ষের যুক্তি তর্ক শুনে আদালত মিন্টুর আটকাদেশ স্থগিত করে এবং তার জামিন দেয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমআইএম/জিএনএ/২২০০ ঘ.
bdnews24