বরিশাল, আগস্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পিরোজপুর জেলার নাজিরপুর শহীদ জিয়াউর রহমান কলেজের ছাত্রদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
এক ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের জের ধরে ওই সংঘর্ষের সূত্রপাত হয়ে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়। সংঘর্ষস্থল থেকে ৩৫ ছাত্রকে গ্রেপ্তার করা হলেও পরে তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। সংঘর্ষের সময় ছাত্ররা দুটি বাস ভাংচুর করে।
ছাত্ররা জানায়, ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এস কে পরিবহনের বাসের কন্ডাক্টর এক ছাত্রীর ওড়না টেনে রেখে দেয়। কলেজ ক্যাম্পাসে ওই খবর পৌঁছলে ছাত্ররা সংঘবদ্ধ হয়ে মিছিল নিয়ে এলে শ্রমিকরা তাটদের ওপর হামলা চালায়।
ছাত্রদের অভিযোগ, শ্রমিকরা তৌহিদুল ইসলাম এবং এনামূল হোসেন নামে দুই ছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
এ দুজনকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর ছাত্রদের নাজিরপুর হাসপাতালে প্রার্থমিক চিকিৎসা দেওয়া হয়।
পিরোজপুর মিনিবাস মালিক সমিতির নেতা মাসুদ শেখ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্ররা আমাদের সমিতির দু'টি বাস ভাংচুর করেছে। শ্রমিকদের ওপরও হামলা চালায় ছাত্ররা।
বিষয়টি নিয়ে যোগাযোগ কলেজর প্রভাষক আবুল কাসেম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রদের সঙ্গে বাস শ্রমিকদের ভূল বুঝাবুঝি হয়েছে।
একই মন্তব্য করে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন আর রশিদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভুলবোঝাবুঝির অবসান হওয়ায় আটক ছাত্রদের শিক্ষকদের জিন্মায় ছেড়ে দেয়া হয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচ/এমআই/২০০৩ ঘ.
bdnews24