২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শায়খ রহমানের স্ত্রী ও মেয়ের জামিন

সিলেটের 'সূর্যদীঘল বাড়ি' মামলার আসামি শায়খ রহমানের স্ত্রী নুরজাহান বেগম ও মেয়ে আফিকা রহমানকে জামিন দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2007, 01:44 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

সিলেট, আগস্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিলেটের 'সূর্যদীঘল বাড়ি' মামলার আসামি শায়খ রহমানের স্ত্রী নুরজাহান বেগম ও মেয়ে আফিকা রহমানকে জামিন দিয়েছে আদালত। সিলেটের অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য ট্রাইব্যুনালের বিচারক মো. ফেরদৌস আহমদ মঙ্গলবার মামলার অভিযোগ গঠনের নির্ধারিত দিনে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে মামলার অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে আগামী ১১ সেপ্টেম্বর নির্ধারণ করে আদালত। মামলার অন্যতম আসামি সাব্বির আহমদ ওরফে দুলালকে মঙ্গলবার আদালতে হাজির না করায় নির্ধারিত দিনে এ মামলার অভিযোগ গঠন হয়নি। আসামী পক্ষে সরকারের নিয়োগ করা আইনজীবী হুমায়ুন কবীর বাবুল ও আব্দুল মজিদ খান মানিকের আবেদনের পরিপ্রেক্ষিতে শায়খের স্ত্রী ও মেয়েকে জামিন দেওয়া হয়। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ফয়জুর রহমান জাহেদ। ২০০৬ সালের ২ মার্চ জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমানকে পুরো পরিবারসহ সিলেট নগরীর টিলাগড়ের 'সূর্যদীঘল বাড়ি' থেকে বিভিন্ন ধরনের বিস্ফোরকসহ গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে নয় জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা করে। তদন্ত শেষে ৮ জনকে অভিযুক্ত করে ২০০৬ সালের শেষ দিকে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শায়খ আবদুর রহমান, তার স্ত্রী নুরজাহান বেগম, মেয়ে আফিকা রহমান, জেএমবি নেতা মাওলানা সাইদুর রহমান, জেএমবি সদস্য ময়েজুল ইসলাম ওরফে হৃদয় চৌধুরী, তার স্ত্রী চামেলী বেগম, শায়খ রহমানের দেহরক্ষী আব্দুল আজিজ ওরফে হানিফ ও সাব্বির আহমদ ওরফে দুলাল। এদের ভেতর মাওলানা সাইদুর রহমান বর্তমানে পলাতক রয়েছেন। গত ১৮ জুলাই এ মামলার অভিযোগ গঠনের তারিখ থাকলেও একজন আইনজীবীর মৃত্যুতে আদালতের কার্যক্রম না চলায় ৭ আগস্ট মামলার অভিযোগ গঠনের তারিখ নির্ধারন করা হয়েছিলো। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৯৪৩ ঘ.