২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফয়েজী মামলা: চবি কর্তৃপক্ষের আপিলের সিদ্ধান্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজীসহ অন্যান্য আইনজীবীর সার্টিফিকেট বাতিলের বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2007, 12:21 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

চট্টগ্রাম, ৭ আগস্ট(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজীসহ অন্যান্য আইনজীবীর সার্টিফিকেট বাতিলের বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার সিন্ডিকেটের এক জরুরি সভায় সুপ্রীম কোর্টের অ্যাপীলেট ডিভিশনে শিগগির এ আপিল করার সিদ্ধান্ত নেয়া হয়। রায়ের সার্টিফাইড কপি পাওয়ার পর আপিল করা হবে বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক সুলতান আহমেদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম বদিউল আলমের সভাপতিত্বে প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এক সভায় হাইকোর্টের রায় এবং বিশ্ববিদ্যালয়ের পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় ফয়েজীসহ অন্যদের সার্টিফিকেটে জালিয়াতির আশ্রয় নেয়া হয়েছিল বলে সকলেই একমত হন। অধ্যাপক সুলতান আহমেদ বলেন, "জরুরি সিন্ডিকেট সভাটি ডাকা হয়েছিল আনুষ্ঠানিকভাবে আপিলের সিদ্ধান্ত নেয়ার জন্য। আলোচনাশেষে সর্বসম্মতভাবে আপিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আশা করছি উচ্চ আদালতে আমরা সুবিচার পাব।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এসকে/১৮১০ ঘ.