ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের পদত্যাগকারী বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীর এলএলবি সনদ বৈধ ঘোষণা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি ফয়সল মাহমুদ ফয়জীকে বিশ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত ।
বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর বেঞ্চ ফয়সল মাহমুদ ফয়জীর রিট আবেদনের ওপর চূড়ান্ত শুনানি গ্রহণ শেষে সোমবার এ আদেশ দেয়।
সনদ বাতিলের বৈধতা নিয়ে বিচারপতি ফয়জী, চট্টগ্রামের আইনজীবী আবু মো. জিয়া হাবিব ও জেমসিন সুলতানার করা রিট আবেদনের ওপর একসঙ্গে শুনানি গ্রহণ করে আদালত।
পরে অ্যাডভোকেট মো. জিয়া হাবিব ও জেসমিন সুলতানার এলএলবির সনদ বাতিলও অবৈধ ঘোষণা করা হয়। তাদেরও ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য বলেছে, ফয়সল মাহমুদ ফয়জীসহ অন্য আইনজীবীদের এলএলবি সনদ বাতিলের বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তারা আপিল করবে।
সোমবার হাইকোর্টের দেওয়া রায়ে বলা হয়, ফল প্রকাশের ১৭ বছর পর তা বাতিল করা একটি ফৌজদারি অপরাধ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এত বেশি সময় পার করার বিষয়ে আদালত বলেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হয় অযোগ্য, নয়তো তারা অবহেলা করেছে।
রায়ে আরও বলা হয়, নোটিশ না দিয়ে বিচারপতি ফয়জীর সনদ বাতিল ন্যায়বিচারের স্বাভাবিক নীতির পরিপন্থী। এ ধরনের সিদ্ধান্ত দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিচারপতি ফয়জীসহ অনেকের জীবন ধ্বংস করে দিয়েছে। বিচারপতি ফয়জীর এখন আর কোনো পথ খোলা নেই। সনদ বাতিলের কারণে তার জীবন ধ্বংস হয়ে গেছে।
রায়ের প্রতিক্রিয়ার ফয়সল মাহমুদ ফয়জীর কৌঁসুলি ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি উচ্চ আদালতে ন্যায় বিচার পেয়েছেন। তার সনদ বাতিল হাইকোর্ট অবৈধ ঘোষণা করায় এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছে ক্ষতিপূরণ চাওয়া যেতে পারে। তবে ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হবে কিনা সে ব্যাপারে বিচারপতি ফয়জীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।"
বিচারপতি ফয়জী এখন আইনজীবী হিসেবে আদালতে মামলা পরিচালনা করতে পারবেন কিনা- এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার সোবহান বলেন, "হাইকোর্টের স্থায়ী বিচারপতির পদ থেকে ছেড়ে দেওয়ায় তিনি হাইকোর্টে মামলা পরিচালনা করতে পারবেন না। আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত না হওয়া পর্যন্ত সেখানেও মামলা চালাতে পারবেন না তিনি।"
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম বদিউল আলম সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আমরা আপিল করব। আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি- সনদ জালিয়াতির ঘটনা চিহ্নিত করার পর সিন্ডিকেট যে সিদ্ধান্ত নিয়েছে সেটি সঠিক।"
বিশ্ববিদ্যালয়ের একাধিক নিরপেক্ষ তদন্ত কমিটির প্রতিবেদনে সনদ জালিয়াতির সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে বলে তিনি জানান।
হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয় সিনেট ও সিন্ডিকেট সদস্য সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দশ বছরে চারটি তদন্ত কমিটি এবং সিন্ডিকেটের ৩৩৬, ৩৫৩ ও ৪৩৯তম সভার অভিন্ন সিদ্ধান্তেই তাদের সনদ বাতিল করা হয়েছে। অথচ হাইকোর্টের এ রায়ে ফলে আমরা সুবিচার থেকে বঞ্চিত হলাম। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন রক্ষার স্বার্থেই আমরা রায়ের বিরুদ্ধে আপিল করব।"
ফল জালিয়াতির অভিযোগে গত ৩ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪৩৯ তম সিন্ডিকেট সভায় বিচারপতি ফয়জীসহ দুই হাজার চারশ জনের সনদ বাতিল করা হয়। এ সিদ্ধান্ত ১০ মার্চ গেজেটে প্রকাশিত হলে এর বৈধতা নিয়ে বিচারপতি ফয়জী হাইকোর্টে আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফয়জীর এলএলবি সনদ বাতিলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গত ১৯ মার্চ হাইকোর্ট স্থগিত করে দেয়।
বিচারপতি ফয়জীর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ ও ব্যারিস্টার তানজিব উল আলম।
অ্যাডভোকেট জিয়া হাবিব ও জেসমিন সুলতানার পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট হাসান এম এস আজিম।
গত ১২ জুলাই বিচারপতি ফয়জী রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ এর কাছে পাঠানো এক চিঠির মাধ্যমে পদত্যাগ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এএডি/আরএআর/এসএনডি/এমএইচবি/২১২৪ ঘ.
bdnews24