২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কম মজুরির প্রতিবাদে খুলনায় পাটকল শ্রমিকদের কর্মবিরতি

বিধি লঙ্ঘন করে কম মজুরি দেওয়ার প্রতিবাদে রোববার থেকে কর্মবিরতি শুরু করেছেন খালিশপুর শিল্পাঞ্চলের প্লাটিনাম জুবিলি জুট মিলের দুইশরও বেশি শ্রমিক। প্লাটিনাম জুবিলি জুট মিলের শ্রমিকরা জানান, নির্ধারিত ১৬৭ টাকার বদলে ১১০ টাকা মজুরি দেওয়ায় শ্রমিকরা রোববার থেকে কর্মবিরতি শুরু করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2007, 06:18 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

খুলনা, আগস্ট ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিধি লঙ্ঘন করে কম মজুরি দেওয়ার প্রতিবাদে রোববার থেকে কর্মবিরতি শুরু করেছেন খালিশপুর শিল্পাঞ্চলের প্লাটিনাম জুবিলি জুট মিলের দুইশরও বেশি শ্রমিক। প্লাটিনাম জুবিলি জুট মিলের শ্রমিকরা জানান, নির্ধারিত ১৬৭ টাকার বদলে ১১০ টাকা মজুরি দেওয়ায় শ্রমিকরা রোববার থেকে কর্মবিরতি শুরু করেছেন। এ ব্যাপারে পাটকলটির ভারপ্রাপ্ত প্রকল্প প্রধান মো. মহিউদ্দীন বলেন, "পার্শ্ববর্তী ক্রিসেন্ট ও স্টার জুট মিলেও একই হারে মজুরি দেওয়া হচ্ছে। আমার মিলে আমিও সেই নিয়ম অনুসরণ করছি।" তিনি বলেন, শ্রমিকদের কর্মবিরতির কারণে প্রতিদিন দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হচ্ছে। এদিকে বন্ধ হয়ে যাওয়া পিপলস জুট মিলের দেড়শ' শ্রমিককে এক হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা সাহায্য দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। সংস্থাটি ১৫ আগস্ট পর্যন্ত তিন হাজার তিনশ শ্রমিককে পর্যায়ক্রমে ৩৩ লাখ টাকা সাহায্য দেবে। ব্র্যাকের উর্দ্ধতন আঞ্চলিক ব্যবস্থাপক মো. মফিজুল ইসলাম রোববার শ্রমিকদের মধ্যে অর্থ বিতরণের এই কর্মসূচির উদ্বোধন করেন। মফিজুল হক বলেন, মানবিক দিক বিবেচনা করে ব্র্যাক ৩ হাজার ৩০০ শ্রমিককে এই সাহায্য দিচ্ছে। এদিকে সদ্য বন্ধ হয়ে যাওয়া পিপলস জুট মিলের শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধের ব্যাপারে বিজেএমসির প্রতিনিধি দল শুক্রবার খুলনায় এসেছেন। প্রতিনিধি দলে রয়েছেন বিজেএমসির মহা ব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু সাঈদ, মহাব্যবস্থাপক (অর্থ) মোহাম্মদ আলী চৌধুরী, ব্যবস্থাপক নূরুল ইসলাম ও ব্যবস্থাপক নিজাম উদ্দীন। খুলনা-যশোর অঞ্চলের ৭টি রাষ্ট্রায়ত্ত পাটকল থেকে যেসব শ্রমিক-কর্মচারী কর্মকর্তা স্বেচ্ছায় অবসরে যাবেন তাদের একটি তালিকাও করবে এই প্রতিনিধি দল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/০০১২ ঘ.