ঢাকা, আগস্ট ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--পনের আগস্ট জাতীয় শোক দিবস ও সাধারণ ছুটি ঘোষণার দাবিতে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে জাতীয় শোক দিবসের ছুটি বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।
রোববার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চে রিটটি দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মোজাম্মেল হক। সোমবার এর ওপর শুনানি হতে পারে।
রিট আবেদনে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকচক্র বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গবন্ধুর অনবদ্য ভূমিকার জন্য ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করতে জাতি দায়বদ্ধ। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য ওই দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা জাতির কর্তব্য।
আরও বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতায় অনন্য অবদানের জন্য ১৯৯৬ সালে সরকার ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করে। দিবসটিতে সাধারন ছুটিও ঘোষণা করা হয়। কিন্তু ২০০২ সালের ৮ আগস্ট বিএনপি সরকার মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্তে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ছুটি বাতিল করে।
আবেদনে বলা হয়েছে, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধুর অবদান স্মরণ করেছে। সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ ও সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ জাতির জনক বঙ্গবন্ধুর অবদান স্মরণ করে বক্তব্য রেখেছেন। পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধুর অবদানসহ সঠিক ইতিহাস তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসব কারণে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ছুটি বাতিলের বিএনপি সরকারের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা প্রয়োজন বলে রিট আবেদনে দাবি করা হয়েছে।
রিট আবেদনকারী অ্যাডভোকেট মোজাম্মেল হক নিজেই রিটের শুনানিতে অংশ নেবেন বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/১৮৩১ঘ.
bdnews24