বরিশাল, আগস্ট ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষ থেকে পারুল বেগম(২৫) নামে এক গৃহবধূর লাশ রোববার সকালে উদ্ধার করেছে পুলিশ। স্বামীর সঙ্গে রাগ করে পারুল ওই বিদ্যালয় ভবনে আশ্রয় নেয় বলে এলাকাবাসী জানায়।
পুলিশের ধারণা, স্বামীর হাতেই খুন হয়েছেন পারুল। ঘটনার পর থেকেই পারুলের স্বামী ইদ্রিস হাওলাদার পলাতক রয়েছেন।
কোতয়ালি মডেল থানার পুলিশ সকাল সাড়ে ১০ টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে থানার উপ-পরিদর্শক(এসআই) গোপাল চন্দ্র বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সদর উপজেলার পশ্চিম চরমোনাই গ্রামের পারুল স্বামীর সঙ্গে রাগ করে গত এক সপ্তাহ ধরে দুই সন্তান নিয়ে স্কুল ভবনে বাস করছিল।
পুুলিশ কর্মকর্তা বলেন, "লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মাথা ইঁট দিয়ে থেতলে দেওয়া হয়েছে। শনিবার রাতে কোনও এক সময় পারুলকে হত্যা করা হয়।"
তবে দুই সন্তানই খুব ছোট বলে তারা হত্যাকাণ্ডের বিষয়ে কিছুই বলতে পারছে না বলে গোপাল চন্দ্র জানান।
এ ঘটনায় নিহতের বড় ভাই জাহাঙ্গীর হোসেন শরীফ বাদি হয়ে ইদ্রিসকে আসামি করে রোববার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪৫ ঘ.
bdnews24