২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার পূর্বাঞ্চলে কয়েকলাখ মানুষ পানিবন্দি

রাজধানীর পূর্বাঞ্চলের সবুজবাগ, খিলগাঁও ও ডেমরা থানার কয়েক লাখ মানুষ এখন পানিবন্দি । কয়েকটি এলাকায় পানীয় জলের অভাব, খাদ্য সংকট এবং আশ্রয়ের সমস্যা তীব্র। ঢাকার পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির ক্রমাবনতি অব্যাহত আছে। আগামী ৭২ ঘন্টায় পরিস্থিতি আরো খারাপ হবে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সতর্ক করে দিয়েছে। ঢাকার আশপাশের পাঁচটি নদীর মধ্যে চারটিই বিপদসীমার অনেকখানি ওপর দিয়ে বইছে। বুড়িগঙ্গাও আগামী দুদিনে বিপদসীমা অতিক্রম করতে পারে বলে বন্যা পূর্বাভাসে বলা হয়েছে। বুড়িগঙ্গা রোববার দুপুরে বিপদসীমার ২২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। সরেজমিন ঘুরে এসে লিখেছেন মোকাররম হোসেন শুভ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2007, 05:47 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পূর্বাঞ্চলের সবুজবাগ, খিলগাঁও ও ডেমরা থানার কয়েক লাখ মানুষ এখন পানিবন্দি । কয়েকটি এলাকায় পানীয় জলের অভাব, খাদ্য সংকট এবং আশ্রয়ের সমস্যা তীব্র। ঢাকার পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির ক্রমাবনতি অব্যাহত আছে। আগামী ৭২ ঘন্টায় পরিস্থিতি আরো খারাপ হবে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সতর্ক করে দিয়েছে। ঢাকার আশপাশের পাঁচটি নদীর মধ্যে চারটিই বিপদসীমার অনেকখানি ওপর দিয়ে বইছে। বুড়িগঙ্গাও আগামী দুদিনে বিপদসীমা অতিক্রম করতে পারে বলে বন্যা পূর্বাভাসে বলা হয়েছে। বুড়িগঙ্গা রোববার দুপুরে বিপদসীমার ২২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। রাজধানীর বন্যা-উপদ্রুত এলাকায় পানি ক্রমশ বাড়ছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানীয় জলের অভাব তীব্র হয়েছে। বিশুদ্ধ পানির অভাবে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে মানুষ। সরেজমিন ঘুরে এসে লিখেছেন মোকাররম হোসেন শুভ। কমলাপুর স্টেশনের পেছন দিক দিয়ে যাত্রাবাড়ি থেকে রামপুরা হয়ে চলে যাওয়া সড়কটি থেকে নিচে নামলেই বানের পানির দেখা মিলবে। রোববার সকালে খটখটে রোদের মধ্যে পূর্ব বাসাবো এলাকায় মুল সড়কের কোথাও কোথাও পানি দেখা গেল। বৃষ্টি হয়নি বলে সহজেই বোঝা যায় এটা নদী উপচে আসা বানের পানি । এলাকার লোকজন ও রিক্সাচালক জানালেন, বন্যার পানি ঢুকতে শুরু করেছে। মূল সড়কের নিচু অংশগুলোতে পানি দেখা যায়। সড়কের দুইধারের বাড়িগুলোর দুই একটিতে এরই মধ্যে পানি উঠে গেছে। বাসাবো থেকে নন্দীপাড়ার দিকে অগ্রসর হতেই বন্যার পানি দেখা গেল। পানি উঠেছে নন্দীপাড়া বাজারের ভেতরে। । বাজারে পেরিয়ে তেমাথা। সেখান থেকে একটি সড়ক চলে গেছে ত্রিমোহনীর দিকে। অন্যটি ডেমরার দিকে। ত্রিমোহনীর দিকে কিছুটা এগিয়ে দেখা যায় কোন রকমে জেগে আছে সড়কটি । দুই ধারে বেশি উঁচু কয়েকটি বাড়ি ছাড়া সবগুলোই তলিয়ে গেছে। রাস্তার পাশ দিয়ে সমান্তরালে একটি খাল বয়ে গেছে বলে ওই এলাকার রিক্সাচালক আব্দুল মজিদ জানালেন। তবে বন্যার পানিতে সবকিছু একাকার হয়ে যাওয়ায় খালকে আলাদা করে দেখা যায় না। সড়কটির অনেক জায়গায় পানি উঠে গেছে। আর ইঞ্চি ছয়েক পানি বাড়লে হয়তো পুরোটাই তলিয়ে যাবে। রিক্সাচালক জানালেন, তিনি শনিবারও দেখেছেন সড়কটি অনেকখানি জেগে আছে। রাস্তার অদূরে জলমগ্ন বাড়িগুলোতে চরম দুর্ভোগের মধ্যে বাঁশের মাচায়, বাশ দিয়ে উঁচু করা চৌকি এমনকি কেউ কেউ সিলিংয়ের ওপর বসবাস করছেন। রাস্তা থেকে বাড়িতে যাওয়ার জন্য তৈরি করেছেন সাঁকো। এরকম বেশকিছু সাঁকো দেখা গেল পরিত্যক্ত অবস্থায়। বাসিন্দারা জানালেন, পানি অনেক বেড়ে যাওয়ায় এখন আর সাঁকো ব্যবহার করা যাচ্ছে না। নন্দীপাড়া থেকে ত্রিমোহনী সড়ক ধরে দুই কিলোমিটার মতো ভেতরে পানি আরো বেশি । তাই অনেকের পক্ষেই বাড়িতে থাকা সম্ভব হচ্ছে না। এমন কয়েক ঘর মানুষ আশ্রয় নিয়েছেন ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে। । কোনো সরকারি ত্রাণ সাহায্য না পাওয়া এ মানুষগুলো খুবই কষ্টে আছেন। রাস্তার পাশের একটি দোকানে সদাই বিক্রি হচ্ছে চৌকির ওপর রেখে । দোকান মালিক খালেকুজ্জামান জানালেন সামনে গুননগর, বটতলা, ব্যাপারী পাড়াসহ আরো কয়েকটি গ্রামে পানি আরো বেশি । ত্রিমোহনী সড়ক থেকে ফিরে নন্দীপাড়া থেকে ডেমরার দিকে যাওয়া সড়ক ধরে এগিয়ে দেখা গেল এদিকের পরিস্থিতি আরো খারাপ। প্রায় সব ঘরবাড়ি তলিয়ে গেছে। কথা হলো স্থায়ী বাসিন্দা চিত্তরঞ্জন মন্ডলের সঙ্গে। তিনি জানালেন, প্রতি বছরই এখানে পানি ওঠে। তবে ২০০৪ সালের পর এবারই বন্যার মতো অবস্থা হয়েছে। চিত্তরঞ্জনের মতে, আগে বন্যার পানি উঠলেও অবস্থা এত খারাপ হতো না। কারণ তারা ছোটবেলা থেকেই পানি দেখে অভ্যস্ত। বানের পানিতে সাঁতারও কেটেছেন। কিন্তু এখন ঘনবসতি এবং যত্রতত্র ময়লা-আবর্জনার কারণে পানিতে খুব দুর্গন্ধ হয়। সাঁতার কাটা তো দূরের কথা, পানিতে হেঁটে গেলেও গাঁ ঘিনঘিন করে। ডেমরা সড়ক ধরে এখনো হেঁটে সামনে এগিয়ে যাওয়া যায়। সড়কটি এখনো জেগে আছে। তবে এখান থেকে মানিকদিয়া যাওয়ার একমাত্র বাহন এখন নৌকা। নৌকা নিয়ে মানিকদিয়া গ্রামে গিয়ে কথা হলো এখানকার দীর্ঘদিনের বাসিন্দা নুরুল ইসলামের সঙ্গে। চারদিকে পানির মধ্যে তার ঘরটি জেগে আছে। নুরুল ইসলাম জানালেন, তার বাড়ি ছাড়া এখানকার সব বাড়িতেই পানি উঠেছে। বাসিন্দাদের কেউ কেউ ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন। বেশিরভাগই মাচা করে বসবাস করছেন। এখানেও পানীয় জলের সমস্যা প্রকট । বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এসকে /১৭৩৫ ঘ.