২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যার্তদের সাহায্যে সবাইকে এগিয়ে আসতে বলেছেন হাসিনা

কারাগারে আটক আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশের সার্বিক বন্যা পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে, পরিস্থিতি মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2007, 05:36 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কারাগারে আটক আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশের সার্বিক বন্যা পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে, পরিস্থিতি মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। শনিবার বিশেষ কারাগারে হাসিনার সঙ্গে তার আইনজীবী কামরুল ইসলাম ও মামা শেখ আকরাম হোসেন দেখা করে এসে সাংবাদিকদের এ কথা বলেন। হাসিনা তার অসুস্থ স্বামী ড. ওয়াজেদ মিয়াকে দেখতে যাওয়ার জন্য কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন বলেও জানান তার আইনজীবী। মামলার বিষয়ে কথা বলতে অ্যাডভোকেট কামরুল ইসলাম বিকেলে সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে যান। প্রায় এক ঘণ্টা পর তিনি বেরিয়ে এলে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তার মামা আকরাম হোসেন, চাচাত বোন তাহমিনা শেখ ও নাতনী শামিমা আকতার শামু। পরে কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, সম্পত্তির হিসাব দেওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশন সহযোগিতা না করায় শেখ হাসিনা আইনের প্রতি সম্মান রেখে যে হিসাব দেবেন সেটি হবে অনুমান নির্ভর। তিনি আরও বলেন, "বন্যায় ক্ষতিগ্রস্তদের কথা শুনে শেখ হাসিনা কেঁদে ফেলেন। তিনি দেশের সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।" শেখ হাসিনার মামা শেখ আকরাম হোসেন জানান, বর্তমান সরকার বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে পারবে বলে মনে করছেন না শেখ হাসিনা। এ নিয়ে তিনি উদ্বিগ্ন। তাই যার যা আছে তা নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বলেছেন তিনি। পরিবারের ব্যাংক হিসাব জব্দ করায় স্বামী ওয়াজেদ মিয়ার চিকিৎসার ব্যায়ভার ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেমোরিয়াল ট্রাস্টের বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের লেখাপড়া নিয়ে এ সময় উদ্বেগ প্রকাশ করেন শেখ হাসিনা। এদিকে, বিশেষ কারাগারে যাওয়ার পথে পুলিশ ব্যারিকেডের কাছে দুপুরে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু ট্রাস্টের শিক্ষার্থীরা। প্রায় আধঘণ্টার এ কর্মসূচিতে শেখ হাসিনার মুক্তি দাবি করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/এমএইচবি/২৩২০ ঘ.