ফেনী, আগস্ট ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সোনাগাজী ও দাগনভূঞা উপজেলায় দুই ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন, সোনাগাজী উপজেলার মোহাম্মদ ইউসুফ (৪৫) এবং দাগনভূঞা উপজেলার আবদুর রহমান পচা মিয়া (৬০)।
সোনাগাজীর চর দরবেশ ইউনিয়নের দক্ষিণ চর দরবেশ গ্রামের ইউসুফের লাশ শনিবার সকালে বাড়ির পাশের একটি খালে পাওয়া যায় বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী।
তিনি বলেন, "ইউসুফকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। নিহতের স্ত্রী আরবের নেছাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"
এ ঘটনায় সোনাগাজী থানায় মামলা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়নের কসুল্লা গ্রামের আবদুর রহমানকে বাড়ির কাছে তার মুদি দোকানে শুক্রবার রাতে কুপিয়ে হত্যা করা হয় বলে জানান দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন।
তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩৪৪ ঘ.
bdnews24