ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভাষাসৈনিক ও কমিউনিষ্ট আন্দোলনের বিশিষ্ট নেত্রী নিবেদিতা নাগের ৯০তম জন্মদিন শনিবার।
১৯১৮ সালের ৪ আগষ্ট তিনি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শ্রমজীবী মানুষের অধিকার আন্দোলনে অসামান্য অবদান রাখেন। একই সঙ্গে তিনি শিক্ষা বিস্তারের আন্দোলনের সঙ্গেও জড়িত ছিলেন ।
নিবেদিতা নাগ নারায়নগঞ্জের তোলারাম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ।
ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব সোস্যাল হিস্ট্রি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার জানানো হয়েছে, নিবেদিতা নাগের জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গে তাঁর সুহৃদরা সংবর্ধনা সভার আয়োজন করেছে। অনুষ্ঠানটি শনিবার বিকেল ৩টায় পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
নেদারল্যান্ডের ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব সোস্যাল হিস্ট্রি ও পশ্চিমবঙ্গ মহিলা সমিতির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কমরেড জ্যোতি বসু, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, কলকালতার মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব সোস্যাল হিস্ট্রি'র দক্ষিণ এশিয় প্রতিনিধি সাংবাদিক শাহরিয়ার কবির।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচবি/২০১১ ঘ.
bdnews24