মাহবুব আলম রনী
প্রতিবেদক, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম
ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাঁচাবাজারে শাকসবজি, কাঁচামরিচ, চাল, আটা-ময়দা ও সয়াবিন তেলের দাম বেড়েই চলেছে। সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার নানা উদ্যোগ নিলেও বাজারে এসব উদ্যোগের খুব একটা প্রভাব পড়েনি। এছাড়া একই পণ্য একেক বাজারে বিক্রি হচ্ছে একেক দামে।
শুক্রবার সকালে রাজধানীর নিউমার্কেট বনলতা কাঁচাবাজার ও হাতিরপুল বাজারে গেলে জিনিসপত্রের লাগামহীন দামের আঁচটি ভালোই টের পাওয়া গেলো।
শুক্রবার সকালে কাঁচামরিচ বিক্রি হচ্ছিল প্রতি কেজি ১৪৫ থেকে ২০০ টাকায় । অথচ গত সপ্তাহেই তা ছিল ৮০ টাকা। আর একমাস আগে এক কেজি কাঁচামরিচের দাম ছিল মাত্র ৪৫ থেকে ৫০ টাকা!
রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা গেল, প্রায় সব ধরণের সবজির দামই বাড়ছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে পটল কেজিপ্রতি ১০ টাকা বেড়ে ৩০ টাকা, ঝিঙ্গা ১০ টাকা বেড়ে ৩০ টাকা, ঢেঁড়শ ৬ টাকা বেড়ে ২৮ টাকা, পেঁপে ৪ টাকা বেড়ে ১৪ টাকা, মুখী কচু ৪ টাকা বেড়ে ২৪ টাকা, করলা ১০ টাকা বেড়ে ৪০ টাকা, কাঁকরোল ৮ টাকা বেড়ে ২৮ টাকা, বরবটি ২ টাকা বেড়ে ২৬ টাকা, কচুর লতি ৪ টাকা বেড়ে ২০ টাকা, বড় বেগুন ১৬ টাকা বেড়ে ৪৮ টাকা, ছোট বেগুন ৫ টাকা বেড়ে ২৭ টাকা আর শসা ৫ টাকা বেড়ে ৪০ টাকায় বিক্রি হ্েচছ।
শুক্রবার প্রতি কেজি আলু বিক্রি হয়েছে ২২ টাকা, টমেটো ৮০ টাকা, আদা ৪৮ টাকা থেকে বেড়ে ৫৬ টাকা, রসুন ৪৫ টাকা থেকে ৫০ টাকা এবং এক কোষের রসুন ৯০ টাকা থেকে বেড়ে ১০০ টাকায়। এছাড়া তুরস্কের ডাল প্রতি কেজি ৬৫ টাকায় বিক্রি হলেও দেশী ডাল প্রতি কেজি ৭৪ টাকায় বিক্রি হয়েছে।
বাজারে প্রচুর শাকের সরবরাহ থাকলেও দাম চড়া। প্রতি আঁটি কলমি, পুঁই, লাউ বা ডাটা শাক বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকায়। তুলনায় লাল শাকের দাম একটু কম
bdnews24