মোকাররম হোসেন শুভ
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- র্যাংগস ভবন ভেঙে ফেলার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নগর পরিকল্পনাবিদ, পরিবহণ পরিকল্পনাবিদ ও পরিবেশবাদীরা। সেইসঙ্গে ভবিষ্যতে ভবন ভেঙে ফেলার কষ্টসাধ্য আয়োজন এড়াতে পরিকল্পনা অনুযায়ী স্থাপনা নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
আদালতে রায় হওয়ার পর বৃহস্পতিবার সরকার ২২ তলা এ ভবনটির ওপরের ১৬ তলা ভেঙে ফেলার ঘোষণা দেয়। ওই রাতেই নগরপরিকল্পনাবিদ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম তার প্রতিক্রিয়ায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "খুবই শুভ ও সাহসী সিদ্ধান্ত"।
তিনি বলেন, "র্যাংগস ভবনের মালিককে আমি বলেছিলাম- আপনার ভবনের কারণে প্রতিদিন আমার সময় অপচয় হয়। এজন্য ওই সড়ক দিয়ে যাওয়ার সময় মনে মনে আপনাকে খারাপ বলি। ভবনটির মালিকও সমস্যার কথা জানেন, স্বীকার করেন। কিন্তু ভাঙতে রাজি ছিলেন না।"
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, "ভবনটির কারণে রাজধানীর মানুষের হাজার হাজার শ্রমঘণ্টা ও জ্বালানির অপচয় হয়েছে। যেখানে ফ্লাইওভার থেকে নেমে দুই থেকে তিন মিনিটে ফার্মগেটে পৌঁছানোর কথা সেখানে ২০ থেকে ৩০ মিনিট লেগে যায়। বিজয় সরণি মোড় থেকে রাস্তাটিকে সোজা তেজগাঁও পর্যন্ত নিয়ে যেতে পারলে ওখানকার যানজট অনেকখানি কমে যাবে।"
কোনো ছাড় না দেওয়ায় সরকারের প্রশংসা করে তিনি বলেন, "র্যাংগস ভবন অক্ষত রেখে পাশ দিয়ে রাস্তা করার বিকল্প বেছে নিলে অবৈধ স্থাপনাকে বৈধতা দেওয়া হতো। সেটা না করে সরকার ভবনটি ভেঙে সড়ক তৈরি করলে একটি দৃষ্টান্ত হবে। এতে ভবিষ্যতে এমন কাজ কেউ করবে না।"
ঢাকায় এ ধরনের আর কোনো স্থাপনা রয়েছে জানতে চাইলে তিনি বলেন, "বিজিএমইএ ভবন নিয়ে বিতর্ক রয়েছে। সোনারগাঁও হোটেল পেছন দিকে বাড়ানো এবং ওখানে খাল বন্ধ করে আরো কয়েকটি স্থাপনা নির্মাণ ঠিক হচ্ছে না। সবগুলো মনে না থাকলেও কম-বেশি সমস্যা করছে এমন বেশকিছু স্থাপনা রয়েছে। "
ঢাকার পরিবহন কৌশল পরিকল্পনা কমিটির প্রধান আরো বলেন, "র্যাংগস ভবনের মতো সড়কের মুখে তৈরি এমন স্থাপনা বোধহয় আর নেই। তবে অতীতে সোবহানবাগ মসজিদ তৈরি করতে গিয়ে মিরপুর সড়ক মাঝখানে হঠাৎ সরু হয়ে গেছে। আর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম তৈরি করা হয়েছে একেবারে সড়কের ওপর। তবে মসজিদ হওয়ায় এ নিয়ে কেউ কখনো কথা বলেন না।"
র্যাংগস ভবন ভেঙে ফেলার বিষয়টি দৃষ্টান্ত হয়ে থাকবে মন্তব্য করে তিনি বলেন, "ভবিষ্যতে এ ধরনের স্থাপনা নির্মাণের সুযোগ যেন কেউ না পায় সেজন্য গৃহায়ণ মন্ত্রণালয়ের ভবন উন্নয়ন কমিটি সক্রিয় রয়েছে। ওই কমিটির একজন সদস্য হিসেবে আমি এখনকার বিষয়টি জানি। পাশাপাশি রাজউককে সঠিকভাবে তদারকি ও দায়িত্বপালন করতে হবে।"
র্যাংগস ভবন ভাঙার বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগরপরিকল্পনা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. কে এম মনিরুজ্জামানের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, "ভবনটি ভাঙার প্রয়োজন ছিল রাস্তা তৈরির জন্য। রাস্তাটি জরুরি, তাই ভাঙার যৌক্তিকতা আছে। তবে ভবন তৈরি করে তা আবার ভাঙার চেয়ে কোন জায়গায় রাস্তা হবে সেটা আগে থেকে নির্ধারণ করে রাখা উচিত। বিশ্বের সব দেশে তাই করা হয়। "
ঢাকার নগর পরিকল্পনা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "এই মুহুর্তে ঢাকার জন্য কোনো পরিকল্পনা নেই। দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা কোনোদিন হয়নি। স্বল্পমেয়াদী পরিকল্পনার মেয়াদ ২০০৫ সালে শেষ হয়েছে। আরেকটি পরিকল্পনা তৈরির কাজ চলছে। তবে যে গতিতে চলছে তাতে কবে নাগাদ শেষ হবে এবং তখন এ পরিকল্পনার যৌক্তিকতা থাকবে কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে।"
তিনি বলেন, "পরিকল্পনা অনুযায়ী সবকিছু করতে হয়। কোনো কিছু তৈরির পর পরিকল্পনা করা যায় না। পরিকল্পনাহীন নগর গড়ে ওঠার পর পরিকল্পনা করলে তা বাস্তবায়নের জন্য আদালতে যেতে হবে, বড় বড় ভবন ভাঙতে হবে।"
ঢাকার যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আর কোন কোন স্থাপনা সমস্যা করছে জানতে চাইলে ড. কে এম মনিরুজ্জামান বলেন, ভবনের চেয়ে স্থাপনা এখানে বড় সমস্যা। পিলখানা, ক্যান্টনমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় একেবারে শহরের মধ্যে অবস্থিত এবং বিপুল এলাকা জুড়ে। এসব এলাকার ভেতর দিয়ে যানবাহন চলাচলে কড়াকড়ি থাকায় সড়কগুলো পুরো মাত্রায় ব্যবহারের সুযোগ নেই। আর সড়কগুলোর সুষম ব্যবহার না হলে কোনো কোনো সড়কে বেশি চাপ পড়বে এবং যানজট সৃষ্টি হবে।
তিনি বলেন, প্রাকৃতিক জলাধার দখল করে বিজিএমইএ ভবন, সোনারগাঁও হোটেল এবং আরো বেশ কিছু ভবন নির্মাণ করা হয়েছে। এছাড়া ৪৩টি খাল বেদখল হয়ে গেছে। এতে জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয় তীব্র হয়েছে। এসব বিষয়েও পরিকল্পনা করে তার যথাযথ বাস্তবায়ন প্রয়োজন।
পরিবেশ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক নাসের খান র্যাংগস ভবন ভেঙে ফেলার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে বলেন, "দখলদারদের মনে ভয় সৃষ্টির জন্য র্যাংগস ভবন ভেঙে ফেলা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। যারা ঢাকা শহরের খালগুলো দখল করেছে তারা বুঝতে পারবে আজ হোক কাল হোক তাদেরও উচ্ছেদ করা হবে।"
ভবনটি ভাঙার পর দ্রুত সড়ক নির্মাণ এবং সড়ক নির্মাণের সময় পরিবেশ রক্ষার বিষয়ে সচেতন থাকার দাবি জানিয়ে তিনি বলেন, পেছনের জলাধারটি রক্ষা করেই সড়ক নির্মাণ করতে হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/জেকে/এসকে ০৮৩০ ঘ.
bdnews24