ঢাকা, আগস্ট ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরী মন্তব্য করেছেন, এ বছর ভয়াবহ বন্যা হওয়া সত্ত্বেও তা মোকাবেলায় স্থানীয় পর্যায়ে বা রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে তেমন কোন সাড়া পাওয়া যাচ্ছে না। তবে স্থানীয় পর্যায়ে কর্মরত বেসরকারি সংস্থাগুলো সরকারের সঙ্গে কিছুটা কাজ করছে।
বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা তপন চৌধুরী একথা উল্লেখ করে বলেন, "জরুরি অবস্থার কারণে সাড়া পাওয়া যাচ্ছে না বলে আমি মনে করি না।"
'সাড়া না পাওয়ার' কারণ সম্পর্কে সরাসরি কোন জবাব না দিয়ে উপদেষ্টা বলেন, "আমার মনে হয়, তারা অবশ্যই সহযোগিতার জন্য এগিয়ে আসবে। বন্যার্তদের সহায়তায় কাজ করার জন্য তো তাদের ব্যানার ব্যবহারের প্রয়োজন নেই। আর কেউ দুর্গতদের সহায়তায় এগিয়ে আসতে চাইলে সরকার তাকে হয়রানি নয়, বরং সহযোগিতাই করবে।"
বন্যা মোকাবেলায় অন্য কোন দেশ বা দাতা সংস্থার সাহায্য না চাওয়ার কথা পুনরুল্লেখ করে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা বলেন, "আমরা অভ্যন্তরীণ সহযোগিতা থেকেই বন্যা মোকাবেলা করতে পারবো। কোন দেশ বা দাতা সংস্থার সাহায্য চাওয়ার ইচ্ছা সরকারের নেই।"
সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল পরিস্থিতি মোকাবেলায় ঢাকাসহ সারাদেশে তার মন্ত্রণালয়ের কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
উপদেষ্টা বলেন, বন্যাকবলিত সিরাজগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে প্রতি ঘন্টায় দুই হাজার লিটার পানি বিশুদ্ধকরণ ক্ষমতা সম্পন্ন দুইটি পানি বিশুদ্ধকরণ ভ্রাম্যমান ইউনিট স্থাপন করা হয়েছে। এছাড়াও জনস্বাস্থ্য অধিদপ্তর থেকে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে ১৮২৩ ঘ.
bdnews24