ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- র্যাংগস ভবনের ছয় তলার ওপরের অংশ অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের রায় স্থগিত করার জন্য সুপ্রিম কোর্টে একটি আবেদন দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে র্যাংগস ভবন কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি দায়ের করেন। তবে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত না বসায় এর ওপর শুনানি অনুষ্ঠিত হয়নি।
আগামী রোববার আপিল বিভাগের রায় স্থগিতের এ আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
র্যাংগস ভবন কর্তৃপক্ষের আবেদনে বলা হয়েছে, র্যাংগস ভবন নিয়ে আপিল বিভাগের রায়ের কপি পেলে রায়টি পুর্নবিবেচনার জন্য রিভিউ আবেদন দায়ের করা হবে। এজন্য আপিল বিভাগের রায়টি স্থগিত করা প্রয়োজন।
র্যাংগস ভবনের কৌসুলি ব্যরিষ্টার মো. শাখাওয়াত হোসেন রায় স্থগিতের আবেদন দায়েরের বিষয়টি জানিয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে বলেন, যেহেতু রিভিউ আবেদন দায়েরের কথা বলে রায় স্থগিতের আবেদন জানানো হয়েছে তাই রিভিউ আবেদন নিস্পত্তি না হওয়া পর্যন্ত র্যাংগস ভবনের ছয় তলার ওপরের অংশ ভাঙার বিষয় স্থগিত থাকবে বলে আশা করছি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসকে ১৬১৭ ঘ.
bdnews24