ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরকারের অনুরোধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আরও দুই সদস্য বুধবার পদত্যাগ করেছেন। এরা হচ্ছেন অধ্যাপক মাহববুল্লাহ ও সুলতান হোসেন খান।
এর আগে মঙ্গলবার একজন পদত্যাগ করেন। মঞ্জুরি কমিশনের আরও এক সদস্য তারেক শামসুর রহমানেরও বুধবার পদত্যাগ করার কথা। তবে পদত্যাগের ব্যাপারে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রশ্নের জবাবে তিনি হেঁয়ালিপূর্ণ জবাব দেন। (আরও তথ্যসহ)
সূত্র জানায়, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চার সদস্য- অধ্যাপক ফাইসুল ইসলাম ফারুকী, অধ্যাপক মাহাববুল্লাহ, অধ্যাপক সুলতান হোসেন খান ও অধ্যাপক তারেক শামসুর রেহমানকে পদত্যাগের অনুরোধ জানায় সরকার। সোমবার তাদের টেলিফোন করে শিক্ষা সচিব মোমতাজুল ইসলাম পদত্যাগ করতে বলেন।
মঞ্জুরি কমিশনের মোট পাঁচজন সদস্যের মধ্যে একমাত্র ড. এহসানুল হককে পদত্যাগ করতে বলা হয়নি।
সরকারের মনোভাব জেনে মঙ্গলবারই পদত্যাগ করেন অধ্যাপক ফাইসুল ইসলাম ফারুকী।
বাকি তিনজন বুধবার সকালে শিক্ষমন্ত্রণালয়ে উপদেষ্টা আইযুব কাদরীর সঙ্গে বৈঠকে বসেন। শিক্ষা উপদেষ্টা এ সময় সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের কথা আবারও তাদের জানিয়ে দেন।
বৈঠক সম্পর্কে অধ্যাপক মাহববুল্লাহ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, "শিক্ষা উপদেষ্টা আমাদের বলেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কারের অংশ হিসাবে মঞ্জুরি কমিশনের সদস্যদের সরিয়ে দেওয়ার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত।"
তিনি বলেন, "শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে আমি ও সুলতান হোসেন খান পদত্যাগপত্র শিক্ষা সচিবের কাছে পাঠিয়ে দিয়েছি। তারেক শামসুর রেহমানও পদত্যাগ করতে রাজি হয়েছেন। হয়তো কাল (বৃহস্পতিবার) তিনি পদত্যাগ করবেন।"
অধ্যাপক মাহববুল্লাহ আরও বলেন, "আমরা দুজনেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছি। আগামী ১৫ আগস্ট থেকে এটি কার্যকর হবে।"
'পদত্যাগ করবেন কিনা'
bdnews24