ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- র্যাব সদস্যরা ঘুষ নেওয়ার অভিযোগে রাজধানীর বাড্ডা এলাকা থেকে ঢাকা সিটি কর্পোরেশনের দুই পরিদর্শককে গ্রেপ্তার করেছে। র্যাব জানিয়েছে ঘুষের টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ডিসিসির স্বাস্থ্য বিভাগের পরিদর্শক মাখন লাল হাওলাদার (৪৫) এবং মো. আব্দুস সালাম (৪৩)।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদ পেয়ে সোমবার সন্ধ্যায় র্যাব-১ এর একটি দল রাজধানীর বাড্ডা থানা এলাকায় অভিযান চালায়। র্যাব সদস্যরা কুড়িল বিশ্বরোড় চৌরাস্তার পাশে মনিহার বেকারী থেকে ঘুষের টাকা নেওয়ার সময় ডিসিসির পরিদর্শক মাখন লাল হাওলাদার এবং আব্দুস সালামকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ঘুষের নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বাড্ডা থানায় সোপর্দ করে ঘুষ নেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/০১৩৭ ঘ.
bdnews24