২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজার বিকাশে বিডিনিউজের সহযোগিতা চাইলো সিএসই

পুঁজিবাজারের বিকাশ ও এক্ষেত্রে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সচেতন করে তোলার জন্য বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর সহযোগিতা চেয়েছে চট্টগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2007, 05:12 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

চট্টগাম, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের বিকাশ ও এক্ষেত্রে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সচেতন করে তোলার জন্য বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর সহযোগিতা চেয়েছে চট্টগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ । মঙ্গলবার বিকেলে আগ্রাবাদে সিএসই মিলনায়তনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কর্তৃপক্ষের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে সিএসই'র পক্ষ থেকে এ সহযোগিতা চাওয়া হয়। সভায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর পরিচালক (অপারেশন) নিজাম মোহাম্মদ উদ্দিন, চট্টগ্রাম ব্যুরো প্রধান ফারুক ইকবালসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিএসইর প্রথম সহ-সভাপতি নাসির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে সিএসই'র প্রধান নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিকী, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর পরিচালক (অপারেশন) নিজাম মোহাম্মদ উদ্দিন পুঁজিবাজারের বিকাশ ও পণ্যের চাহিদা সৃষ্টি এবং বিনিয়োগকারীদের সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে দেশের প্রথম অনলাইন পত্রিকা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, দেশ ও বিদেশে বিশেষ করে ইউরোপ আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের কাছে সিএসইর কার্যক্রম ও পুঁজিবাজারের সর্বশেষ অবস্থা সম্পর্কে সার্বক্ষণিক বার্তা পৌঁছে দিতে কাজ করবে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম। সিএসইর প্রথম সহ-সভাপতি নাসির আহমেদ চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর সহযোগিতা কামনা করে বলেন, এটা পাওয়া গেলে দেশে পুঁজিবাজারের বিকাশের সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীরা বাজার সম্পর্কে আগাম তথ্য জানতে পারবে। তিনি আরও বলেন, "প্রবাসীদের কাছে পুঁজিবাজার সম্পর্কে সার্বক্ষণিক তথ্যের যোগান দেওয়া প্রয়োজন। আমরা চেষ্টা করেও কাজটি করতে পারিনি। তবে আশা করছি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর মাধ্যমে প্রবাসী বিনিয়োগকারীদের কাছাকাছি পোঁছানো যাবে।" মতবিনিময় সভায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত ব্রোকাররা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এফআই/এসএনডি/এমএইচবি/২২৫৩ ঘ.