২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনোয়ার চৌধুরীর ওপর হামলায় মুফতি হান্নানসহ চার জন অভিযুক্ত

ব্রটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর সিলেটে গ্রেনেড হামলার মামলায় মুফতি হান্নানসহ চার জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেটের অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি সংক্রান্ত আদালতের বিচারক ফেরদৌস আহমেদের আদালতে ওই ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলার অভিযোগ গঠন করা হয়। গত রোববার সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুল গফুর মামলাটি অস্ত্র ও বিস্ফোরক আদালতে স্থানান্তর করে অভিযোগ গঠনের এ দিন ধার্য করেছিলেন। অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলায় ৩০২/৩০৭/৩২৬ ধারায় ও বিষ্ফোরক আইনের ৩ ও ৪ ধারায় দুটি পৃথক অভিযোগ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2007, 10:20 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

সিলেট, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর সিলেটে গ্রেনেড হামলার মামলায় মুফতি হান্নানসহ চার জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেটের অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি সংক্রান্ত আদালতের বিচারক ফেরদৌস আহমেদের আদালতে ওই ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলার অভিযোগ গঠন করা হয়। গত রোববার সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুল গফুর মামলাটি অস্ত্র ও বিস্ফোরক আদালতে স্থানান্তর করে অভিযোগ গঠনের এ দিন ধার্য করেছিলেন। অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলায় ৩০২/৩০৭/৩২৬ ধারায় ও বিষ্ফোরক আইনের ৩ ও ৪ ধারায় দুটি পৃথক অভিযোগ গঠন করা হয়েছে। আদালতে উপস্থিত চার অভিযুক্ত হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান, সিলেট অঞ্চলের সংগঠক শাহেদুল আলম বিপুল, সদস্য দেলোয়ার হোসেন রিপন ও মফিজুর রহমান নিজেদের নির্দোষ দাবি করেন। আদালত আগামী ১৪ আগস্ট মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছে। ২০০৪ সালের ২১ মে হাইকমিশনার আনোয়ার চৌধুরী সিলেটে শাহজালালের মাজার জিয়ারত শেষে বের হওয়ার মুহূর্তে তাকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়। এতে একজন পুলিশ কর্মকর্তাসহ তিন জন নিহত এবং আনোয়ার চৌধুরীসহ ৫০ জন আহত হন। এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় হত্যার অভিযোগে একটি এবং বিস্ফোরক আইনে আরেকটি মামলা হলে তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়। সিআইডির সহকারী উপপরিদর্শক (এএসপি) মুন্সি আতিকুর রহমান প্রাথমিক প্রতিবেদনে হামলার জন্য ইসলামি জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদকে (হুজি) দায়ি করেন। ২০০৬ সালের ৩ সেপ্টেম্বর হরকাতুল জিহাদের সিলেট অঞ্চলের সংগঠক বিপুল এবং সদস্য রিপন ও মফিজকে গ্রেপ্তার করা হয়। এর আগে ২০০৫ সালের ১ অক্টোবর হরকাতুল জিহাদের একাংশের নেতা মুফতি আবদুল হান্নান ঢাকায় গ্রেপ্তার হন। গ্রেপ্তারের পর বিপুল গত বছরের ১৬ অক্টোবর সিলেটের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেনেড হামলার দায়িত্ব স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই বছরেরই ১৯ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মুফতি হান্নান আনোয়ার চৌধুরীর ওপর হামলার জন্য গ্রেনেড সরবরাহ করার কথা স্বীকার করেন। আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা আতিকুর রহমান চলতি বছরের ৯ জুন সিলেটের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে হরকাতুল জিহাদের ওই চার সদস্যকে অভিযুক্ত করে একই ঘটনায় হত্যার জন্য একটি ও বিস্ফোরকের বিষয়ে অপর একটি অভিযোগপত্র এক সঙ্গে দাখিল করেন। ম্যাজিস্ট্রেট দেবজিৎ সিংহ গত ২৬ জুন দুটি মামলাই সিলেট জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করেন। গত ১২ জুলাই গ্রেনেড হামলার দুই মামলা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুল গফুর আমলে নিয়ে ২৯ জুলাই শুনানির তারিখ ধার্য করেছিলেন। তবে ধার্য তারিখে মামলা দুটি অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি সংক্রান্ত বিশেষ আদালতে স্থানান্তর করেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এসকে/ ১৬০৫ ঘ.