ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির অভিযোগে সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়ের করা তিনটি মামলায় আমান উল্লাহ আমান, বি এম বাকির হোসেন ও মির্জা খোকনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হকের আদালতে আয়কর অধ্যাদেশ ও জরুরি ক্ষমতা বিধিমালা ২০০৭ এর বিভিন্ন ধারায় মামলাগুলো করা হয়।
সাবেক শ্রম ও জনকল্যাণ প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমানের বিরুদ্ধে এক কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬৬৭ টাকা কর ফাঁকির অভিযোগে এনবিআর এর উপ-কর কমিশনার মনোয়ার হোসেন মুন্সী ও সোনালী ব্যাংক সিবিএ নেতা বাকির হোসেনের বিরুদ্ধে ১৫ লাখ ছয় হাজার ৪৯৭ টাকা কর ফাঁকির অভিযোগে সহকারী কর কমিশনার তাসমিয়া দেলওয়ার মামলা করেন।
এছাড়া ঢাকার ওয়ার্ড কমিশনার মির্জা খোকনের বিরুদ্ধে মামলার বাদী হয়েছেন সহকারী কর কমিশনার মোসাম্মৎ রহিমা খাতুন। খোকনের বিরুদ্ধে দুই লাখ ২৬ হাজার ২১৬ টাকা কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে।
আদালত মামলা তিনটি গ্রহণ করে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ৫ আগস্টের মধ্যে তা কার্যকর করার প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এসএনডি/২০৪৯ ঘ.
bdnews24