২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম পলিটেকনিকে ছাত্র সংঘর্ষে ২৩ জন আহত, গ্রেপ্তার ২৫

চট্টগ্রাম পলিটেকনিকের ছাত্রাবাসে রোববার রাতে দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষে ২৩ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২৫ ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষের পর কলেজের তিনটি ছাত্রাবাস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2007, 08:09 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

চট্টগ্রাম, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম পলিটেকনিকের ছাত্রাবাসে রোববার রাতে দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষে ২৩ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২৫ ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষের পর কলেজের তিনটি ছাত্রাবাস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কলেজ ছাত্ররা জানায়, রোববার দিবাগত রাত দেড়টার দিকে কলেজের তিন নম্বর হোস্টেলে ডাইনিংয়ে বকেয়া রাখা নিয়ে দুই দল শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলে পড়ে বলে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েক জন শিক্ষার্থী সাংবাদিকদের জানান। আহত ছাত্রদের নগরীর বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পরে রাত তিনটার দিকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন। তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাস্থল থেকে ২৫ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।" আটককৃতদের মধ্যে নিরপরাধ কেউ থাকলে তাদের ছেড়ে দেওয়া হবে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মালেক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংঘর্ষের পর থেকে কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির অবনতি রোধে তিনটি ছাত্রাবাসই সোমবার সকালে খালি করা হয়েছে।" অধ্যক্ষ জানান, আগামী ২ আগস্ট থেকে কলেজে প্রতিটি বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হবে। দেশব্যাপী সকল পলিটেকনিক কলেজে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে তা পেছানোর সুযোগ নেই। তাই পরীক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষ পুলিশ প্রশাসন ও উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছে। তবে কলেজ বন্ধ করা হয়নি জানিয়ে আব্দুল মালেক বলেন, "পরীক্ষার কারণে এমনিতেই কলেজে ক্লাশ বন্ধ ছিল। তাই কলেজ বন্ধ ঘোষণা করা হয়নি।" ছাত্রাবাস বন্ধের কারণে শিক্ষার্থীরা পরীক্ষার আগে সমস্যায় পড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, "কলেজের সাড়ে তিন হাজার ছাত্রের মাত্র ৪০০ জন ছাত্রাবাসগুলোতে থাকে। অন্যরা নগরীর বিভিন্ন মেসে থেকেই পড়াশোনা করে। ফলে খুব একটা সমস্যা হবে না বলেই মনে করি। এছাড়া নারী শিক্ষার্থীদের ছাত্রাবাসটি খোলাই থাকবে।" আটককৃত ছাত্রদের পরীক্ষার বিষয়ে নিয়ে জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন বলেন, "এ বিষয় এবং তাদের বিরুদ্ধে মামলা করা হবে কিনা তা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে।" অনুসন্ধানে জানা যায়, খাবার বিল বকেয়া থাকায় বেশ কিছু দিন থেকে তিন নম্বর ছাত্রবাসের ডাইনিং বন্ধ ছিল। এ নিয়ে রোববার রাতে কর্তৃপক্ষ ছাত্রদের সঙ্গে আলোচনায় বসে। সাড়ে দশটার দিকে যাদের বকেয়া আছে তারা শিগগির টাকা পরিশোধ করে দেবে এ শর্তে আবার ডাইনিং চালুর সিদ্ধান্ত হয়। আলোচনা শেষের পর ছাত্রদের এক পক্ষ আরেক পক্ষকে টাকা বকেয়া রাখার জন্য দোষারোপ করে। আর এ নিয়েই সংঘর্ষ বেঁধে যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৪০১ ঘ.