ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমণ্ডি ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ মো. সেলিম আহম্মেদ (২৬) ও জাবেদ হোসেন ওরফে মুন্না নামের দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে, তিনটি বিদেশি রিভলবার, একটি বিদেশি পিস্তল, রিভলবারের ৫৮ রাউন্ড গুলি, পিস্তলের গুলি ১৩ রাউন্ড ও ১০ রাউন্ড শটগানের গুলি।
র্যাব-১০ এর অপারেশন কর্মকর্তা ফ্লাইট লেফটেনেন্ট মোস্তফা হুমায়ুন কবীর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, র্যাবের একটি দল শনিবার গভীর রাতে ধানমণ্ডির তিন নম্বার সড়কের একটি বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে দুটি বিদেশি রিভলবার, একটি বিদেশি পিস্তল, রিভলবারের ৫৩ রাউন্ড ও পিস্তলের ১৩ রাউন্ড গুলিসহ সেলিম আহম্মেদকে গ্রেপ্তার করা হয়।
ওই র্যাব কর্মকর্তা বলেন, "সেলিম দীর্ঘদিন ধরে ধানমণ্ডি থানা এলাকার সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রি করে আসছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ধানমণ্ডি থানায় হস্তান্তর করা হয়েছে।"
এদিকে র্যাব-১০ এর আরেকটি দল রোববার বিকেলে সূত্রাপুর থানার ফরিদাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, রিভলবারের পাঁচ রাউন্ড গুলি ও শটগানের ১০ রাউন্ড গুলিসহ জাবেদ হোসেন ওরফে মুন্নাকে আটক করা হয়।
মোস্তফা হুমায়ুন কবীর জানান, মুন্না সূত্রাপুর থানার শীর্ষ সন্ত্রাসী মিলনের ঘনিষ্ঠ সহযোগী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/০১০০ ঘ.
bdnews24